ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাটে মংলা বন্দরের বহির্গমনের ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রটি ছয় বছরেও চালু হয়নি। নির্মিত হয়নি ওজন মাপার কোনো স্কেল। ফলে এক্সেল লোর্ড কেন্দ্রটি চালুর আগেই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
যানবাহন চালক ও স্থানীয়রা জানায়, মংলা-মাওয়া ও খুলনা-বাগেরহাট মহাসড়কে অধিকাংশ যানবাহন অতিরিক্ত ওজন নিয়ে মালামাল পরিবহন করে। অতিরিক্ত পণ্য পরিবহনে দুর্ঘটনা ও সড়কের ক্ষতি প্রতিরোধে ২০১৫ সালের ২৩ মে মংলা সমুদ্র বন্দরের বহির্গমন পথে ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া (শ্যামবাগাত) এলাকায় ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র, যা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
উদ্বোধনের ছয় বছর অতিবাহিত হলেও জনবল সংকটসহ নানা অজুহাতে প্রতিষ্ঠানটি কখনোই চালু হয়নি। ফলে মংলা বন্দর বহির্গমন পথে অতিরিক্ত ভারী যানবাহন চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে গর্ত ও উঁচু-নিচু স্তর। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে ও নির্ধারিত ওজন নিয়ন্ত্রণে এক্সেল লোর্ড নিয়ন্ত্রণ কেন্দ্রটি অতি দ্রুত চালু করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন যানবাহন চালকসহ সব শ্রেণির মানুষ।
