মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
গতকাল (শনিবার) সকালের দিকে মৌলভীবাজার সদর উপজেলার আইনপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে নিহত সৌদি প্রবাসী জিয়াউর রহমানের পরিবারে নিজেদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। সকালে জিয়া ঘরের পাশের একটি অংশে বীজ বপনের জন্য মাটি খুঁড়তে গেলে জায়গা নিয়ে তার ভাই তাইদুল মিয়ার (৩২) সঙ্গে বাগিবতণ্ড হয়। বাগিবতণ্ডার পরে একপর্যায়ে তাইদুল চলে যায়। অপর আরেক ছোট ভাই এমদাদুল হক (২৬) ঘুম থেকে উঠে কিছু না বলে একটি কাঠের টুকরো দিয়ে বড় ভাই জিয়াউর রহমানের (৪২) মাথায় জোরে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্যান্য লোক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
