উন্নয়নকে টেকসই করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ভূমিকা রাখবে :অর্থমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে ব্যাংকটিতে সদস্যপদ পেতে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গত ২০ আগস্ট ব্যাংকটির বোর্ড অব গভর্নরস সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদিত হয়েছে। এরপর ব্যাংকটির নিয়ম অনুযায়ী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্রাজিল সরকারের নিকট সদস্য পদের জন্য প্রয়োজনীয় নথি দাখিল করলে উক্ত তারিখ থেকে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। ‘               ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো সম্প্রতি একটি বার্তার মাধ্যমে বিষয়টি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অবহিত করেন এবং ঊষ্ণ অভিনন্দন জানান। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বাংলাদেশের যোগদান নিশ্চিত হবার মাধ্যমে ২০১৫ সালে স্থাপিত এ বহুজাতিক ব্যাংকে ব্রিকস জোটের বাইরে প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল। 

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী প্রতিক্রিয়ায় উল্লেখ করেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদাও বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে বলে অভিমত ব্যক্ত করেন। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিগত এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নয়নকে টেকসই করতে এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলার (২ লাখ ৫৫ হাজার কোটি টাকা) ঋণসহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।