রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, গোটা দেশে আমাদের যে মিটারগেজ লাইনগুলো আছে, পর্যায়ক্রমে সব লাইনগুলোকে ব্রডগেজ লাইনে রূপান্তর করার পরিকল্পনা সরকারের রয়েছে। যেখানে সিংগেল লাইন সেখানে ডাবল লাইন, যেখানে মিটারগেজ সেখানে ডুয়েলগেজ করা হবে। কুমিল্লার মানুষকে রেলপথে ঢাকায় যেতে অনেক দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। নারায়ণগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হলে চট্টগ্রামের সঙ্গে কুমিল্লা হয়ে ঢাকার দূরত্বও কমে আসবে।
মন্ত্রী শনিবার দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে কুমিল্লা-লাকসাম ২৪ কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইনে ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কুমিল্লা থেকে লাকসাম পর্যন্ত ২৪ কিলোমিটার এই লাইনটি উদ্বোধনের মধ্য দিয়ে ডাবল লাইন যোগাযোগ শুরু হয়েছে। লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭২ কিলোমিটার ডাবল লাইন ডুয়েলগেজ রেললাইনের মধ্যে ২৪ কিলোমিটার ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আগামী ২৩ সালের জুনের মধ্যে সম্পূর্ণ প্রকল্পটি সমাপ্ত করতে পারব।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি অ্যাডভোকেট আবুল হাসেম খান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন, প্রকল্প পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলাম। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে রেলমন্ত্রীর সহধর্মিণী শাম্মী আকতার মনি, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদসহ রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে মন্ত্রী কুমিল্লার লাকসাম রেলওয়ে স্টেশনের সংস্কারকৃত প্ল্যাটফরমের উদ্বোধন করেন। এ সময় লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র আবুল খায়ের প্রমুখ উপস্থিত ছিলেন।
