‘ক্রাউন জুয়েল’ সম্মানে ভূষিত শেখ হাসিনা

রাজধানীতে আনন্দ মিছিল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ০০:০৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক ‘এসডিজি অগ্রগতি পুরস্কার’ প্রদান এবং বিশ্বসভায় ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ উপাধিতে ভূষিত করায় রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো।

গতকাল শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে সংগঠনের নেতাকর্মীরা। মিছিল-পূর্ববর্তী সমাবেশে নেতারা বলেন, শেখ হাসিনার এ অর্জন বাঙালি জাতির জন্য আরো একটি আনন্দের দিন, গৌরবের দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশ বরাবরই সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার অর্জন করায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই আনন্দ মিছিলের আয়োজন করে। আনন্দ মিছিল উপলক্ষ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, জাতির পিতা স্বপ্ন দেখেছিলেন বাঙালি জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ক্রাউন জুয়েল বা মুকুট মণি প্রাপ্তির মাধ্যমে তিনি বাংলাদেশকে মর্যাদাশীল আসনে প্রতিষ্ঠিত করেছেন। এ জন্য জাতি হিসেবে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আর সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, এ অর্জন শুধু শেখ হাসিনার নয়, গোটা বাঙালি জাতির। জাতি হিসেবে তাই আমরা গর্বিত।

এদিকে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার ও ক্রাউন জুয়েল (মুকুট মণি) সম্মানে ভূষিত করায় আনন্দ মিছিল করেছে আওয়ামী মত্স্যজীবী লীগ। শনিবার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করে সংগঠনটি।