শাবির সঙ্গে সোনালী ব্যাংকের ১শ কোটি টাকার চুক্তি স্বাক্ষর 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে সোনালী ব্যাংকের ১শ কোটি টাকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুসারে, শাবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হোলসেল ভিত্তিতে ১০০ কোটি টাকা পার্সোনাল লোন প্রদান করবে ব্যাংকটি।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য এই চুক্তি একটি মাইলফলক। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল এই হোম লোন। দীর্ঘদিনের প্রচেষ্টার পর আমরা এই চুক্তি করতে সক্ষম হয়েছি।

চুক্তি অনুসারে, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরির বয়সসীমা ও বেতন স্কেল অনুসারে এই লোন গ্রহণ করতে পারবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ২০ লাখ এবং সর্বনিম্ন ৫ লাখ টাকা ঋণ নিতে পারবেন। ৫ বছরের মধ্যে তাদের এই ঋণ পরিশোধ করতে হবে। 

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জহির বিন আলম, সিন্ডিকেট সদস্য ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জাফরিন আহমেদ লিজা, এপ্লাইড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাক আহমেদ, স্কুল অব ফিজিক্যাল সায়েন্সের অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, স্কুল অব সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক দিলারা রহমান, বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মো. ইদ্রিস, জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস, সিলেট আঞ্চলিক অফিসের জেনারেল ম্যানেজার বাবুল মো. আলম,  সোনালী ব্যাংকের শাবি শাখা ব্যবস্থাপক এরশাদ আলী প্রমুখ।

ইত্তেফাক/এমএএম