মেসির কাছে পেলের দুঃখ প্রকাশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

স্পোর্টস ডেস্ক

কোনো ফুটবলার তার রেকর্ড ভাঙলে অভিনন্দন জানাতে ভুলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বেশ সরবই থাকেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। কিছুদিন আগেই তাকে টপকে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের মালিক হন লিওনেল মেসি (৭৯ গোল); কিন্তু এ নিয়ে তত্ক্ষণাত্ অভিনন্দন জানাতে দেখা যায়নি পেলেকে।

দেখা যাবেই বা কী করে, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালের বাইরের খোঁজখবর রাখাই তো মুশকিল হয়ে গিয়েছিল তার। তবে তাই বলে মেসির কথা ভুলে যাননি ব্রাজিলের হয়ে ৭৭ গোল করা এই ফুটবলার। দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ঠিকই জানিয়েছেন অভিনন্দন বার্তা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘দেরি করায় দুঃখিত মেসি। যা হোক চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি। ফুটবল খেলায় অসাধারণ প্রতিভা তোমার! আশা করি পিএসজিতে আমার বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের পাশে থেকে তুমি আরো অনেক কিছু অর্জন করবে।’