বশেমুরবিপ্রবি সংবাদদাতা
রাজশাহী থেকে গোপালগঞ্জগামী ট্রেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসে পাথর নিক্ষেপের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রী তামান্না তন্নী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। শনিবার রাত ৯টায় ট্রেনটি বোয়ালমারী স্টেশন অতিক্রম করার কিছু সময় পরে দুর্বৃত্তদের ছোড়া একটি পাথরে মাথায় আঘাত পান। আহত তামান্না তন্নী রাজশাহী থেকে গোপালগঞ্জে আসছিলেন। তিনি বশেমুরবিপ্রবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান বলেন, আহত শিক্ষার্থীর পাশে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উন্নত চিকিত্সার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
গফরগাঁওয়ে এক জন আহত
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর ছুড়ে মারার ঘটনায় এক জন আহত হয়েছেন। গফরগাঁও স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আনোয়ার হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া এলাকার বাসিন্দা। তিনি সরিষাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হিসাবরক্ষক। গফরগাঁও জিআরপির উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, ঢাকা থেকে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ধীরগতিতে আসার সময় বাইরে থেকে কেউ পাথর নিক্ষেপ করে। পাথরটি যাত্রী আনোয়ার হোসেনের কপালে লাগলে কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেনি।
