গৌরনদীতে স্কুলছাত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী কবিতা আক্তার হত্যার পাঁচ বছর পর মামলার ওয়ারেন্টভুক্ত ১ নম্বর আসামি আজাদ হোসেন কালুকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার এসআই কে এম আব্দুল হক জানান, ২০১৬ সালে স্কুলছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামি আজাদ হোসেন কালু। শনিবার সকালে লিবিয়া থেকে দেশে ফিরে। বিমানবন্দরে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরবর্তী সময়ে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ঐদিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।