সিলেটে এক ব্যক্তির লাশ উদ্ধার
সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ধোপাঘাটে বসতঘর থেকে আব্দুল হক মোবাশ্বির (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার পর লাশ উদ্ধার করা হয়। দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার জানান, নিহত মোবাশ্বির মোগলাবাজার থানার সিলাম শেখ পাড়ার মৃত ফজলুল হকের ছেলে। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ মোবাশ্বিরের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
পাটবীজ উত্পাদনে বীজ ও সার বিতরণ
জয়পুরহাট প্রতিনিধি পাঁচবিবি উপজেলার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে রবিবার বিনামূল্যে পাটবীজ, রাসায়নিক সার ও প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কৃষকদের মাঝে পাটবীজ, রাসায়নিক সার ও উপকরণ বিতরণ করেন পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল।
ব্যবসায়ী হত্যার বিচার দাবি
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা নগরীর চাঙ্গিনী এলাকার ব্যবসায়ী আক্তার হোসেনকে মসজিদের বারান্দায় হত্যার বিচারের দাবি জানিয়েছে তার পরিবার। রবিবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিহত আক্তার হোসেনের বড় ছেলে সোহেল রানা।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধবিষয়ক সভা
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, পাচার প্রতিরোধ, যৌতুক নিরোধ, প্রজনন স্বাস্থ্য সচেতনতা, আয়বর্ধক ও করোনা প্রতিরোধ বিষয়ক এক সভা হয়েছে। রবিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আলহাজ সরদার জাহাঙ্গীর কবির, নিরোধ বন্ধু বিশ্বাস প্রমুখ।
দুর্যোগবিষয়ক অবহিতকরণ কর্মশালা
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা খালিয়াজুরী উপজেলা পরিষদ মিলনায়তনে রবিবার দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি) ২০১৯-এর অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের (শরণার্থী সেল) উপসচিব মো. কোরবান আলী। সভাপতিত্ব করেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম।
বিশ্ব নদী দিবস পালিত
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রবিবার বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষ্যে শালকী নদী সুরক্ষা কমিটির আয়োজনে দোমুখো শালকী নদীর ধারে মানববন্ধন ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালকী নদী সুরক্ষা কমিটির আহ্বায়ক আমিনুর রহমান।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে ইউএনওর মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ত্রিশালে উপজেলা পরিষদ হলরুমে রবিবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুজ্জামান স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। এ সময় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১-এর কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুজাহিদ খান ভোলা প্রমুখ উপস্থিত ছিলেন।
দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর সিটি করপোরেশনে আয় বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার এ প্রশিক্ষণের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রশিক্ষণ আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
০
