সরকারি গাছ কাটায় ‘সজাগ’ পরিচালকের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে ‘সজাগ’ নামের একটি এনজিও অবৈধভাবে উপজেলার দুটি ইউনিয়নের দুটি সড়কের ৬৫টি সরকারি গাছ কেটে ফেলার অভিযোগে ঐ সংস্থার পরিচালক আব্দুল মতিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেছে ধামরাই উপজেলা বনবিভাগ। অভিযুক্ত অন্যরা হলেন ম্যানেজার মাসুদুর রহমান, ক্রেতা মো. হানিফ আলী ব্যাপারী ও সদু ব্যাপারী।

উপজেলা বন কর্মকর্তা মো. মোতালিব আল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন ‘সজাগ’ নামের একটি এনজিও ঐ গাছ ব্যবসায়ীদের কাছে কুশুরা ও সোমভাগ ইউনিয়নের দুটি সড়কের ৬৫টি গাছ বিক্রি করে দিয়েছে। তাই তারা গাছ কেটে নিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে তারা বন কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হয়ে হামলার চেষ্টা করে। পরে গাছ কাটার যন্ত্রপাতি জব্দ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা তাকে সজাগের পরিচালকের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। সে মতেই বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার অভিযোগে সজাগের পরিচালক আব্দুল মতিনসহ চার জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।