জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন দেওয়া হবে

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৯

গাজীপুর প্রতিনিধি

অনার্স প্রথমবর্ষে দেশব্যাপী ভর্তি হওয়া ৪ লাখ নবীন শিক্ষার্থীকে ওরিয়েন্টেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া  হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। সভার সিদ্ধান্ত অনুযায়ী ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনার্স প্রথমবর্ষে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রদান, কোভিডকালীন স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনা দিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখে স্ব স্ব কলেজে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। সভায় অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এছাড়া কোভিডের কারণে যেসব শিক্ষার্থীর মনোবল ভেঙে পড়েছে, তাদের মনোবল ধরে রেখে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি কাটিয়ে উঠার জন্য নিয়মিত কাউন্সিলিংয়ের ব্যবস্থার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিভিন্ন পরীক্ষার প্রকাশিত ফলাফলের অনুমোদন দেওয়া হয়।