ভুয়া করোনা টেস্টের মামলা
ইত্তেফাক রিপোর্ট
করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেওয়ার মামলায় সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে শোকজ করেছে আদালত। আগামী ১৮ অক্টোবর তাকে এ ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ঐ দিন মামলার সাক্ষীদের হাজির করতে বলা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। ভুয়া করোনা রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজির চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ ৯ জনের বিরুদ্ধে এ মামলার বিচার চলছে আদালতে। গতকাল সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। তিন জন সাক্ষীকে সমন পাঠানো হয়। এর মধ্যে এক জন হাজির হন। দুই সাক্ষী হাজির করতে না পারায় আদালত সিদ্ধিরগঞ্জ থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি আজাদ রহমান। এ মামলায় ৪০ সাক্ষীর মধ্যে ১৮ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাবরিনা-আরিফুল ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।
