ভ্যালেন্টাইনস স্পেশাল রেসিপি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩২

অসিত কর্মকার সুজন

আসছে ভালোবাসা দিবস। আর এই বিশেষ দিনে কাছের মানুষের জন্য ভিন্ন স্বাদের কিছু করতে পারার আনন্দটাই অন্যরকম। আমাদের এই আয়োজনে তেমন কিছু রেসিপি দেওয়া হলো

লাভ স্যান্ডুইচ

 

উপকরণ :সাব স্যান্ডুইচ বান ৪ টুকরা, শসা কুঁচি ১/৪ কাপ, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ,  টমেটো কুঁচি ১/৪ কাপ, ক্যাপসিকাম কুঁচি ১/৪ কাপ, লেবুর রস ২ চা চামচ, অলিভ অয়েল ২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা চামচ, লেটুস পাতা ২টি, মাখন ৪ টেবিল চামচ ও লবণ স্বাদমতো।

প্রণালি :সকল সবজি কুঁচির সঙ্গে লেবুর রস, অলিভ অয়েল, গোলমরিচের গুঁড়া ও লবণ মেশান। সাব স্যান্ডুইচ বানে মাখন ব্রাশ করুন। এবার স্যান্ডউইচ বানে ড্রেসিং করা সবজি রেখে ওপরে আরেকটি বান রেখে গ্রিলার অথবা গ্রিল প্যানে ৫ মিনিট গ্রিল করুন। এবার স্যান্ডুইচগুলো তির্যক করে কেটে হার্ট শেপে ডিশে বসান। এরপর সস দিয়ে পরিবেশন করুন।

 

ট্যাঙ্গেরিন মার্টিনি

উপকরণ :অরেঞ্জ জুস ১ কাপ, ট্যাঙ্গারিন সিরাপ ২ টেবিল চামচ, লেমন জুস ২ টেবিল চামচ, সোডা ওয়াটার ১ কাপ, পুদিনাপাতা ৪টি, বরফ আধা কাপ।

প্রণালি :সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে পরিবেশন করুন।

 

 

স্ট্রবেরি কুকিজ

উপকরণ :ময়দা ২ কাপ, স্ট্রবেরি সিরাপ ১/৪ কাপ, আইসিং সুগার ১ কাপ, মাখন ২ কাপ, ডিম ১টি, বেকিং পাউডার ২ চা চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, স্ট্রবেরি অ্যাসেন্স আধা চা চামচ।

প্রণালি :মাখন একটু নরম করে তার মধ্যে আইসিং সুগার ও স্ট্রবেরি সিরাপ দিয়ে বিট করতে হবে। ময়দা ও বেকিং পাউডার, গুঁড়া দুধ চেলে নিন। এবার ডিম দিয়ে আবার বিট করুন। এরপর ময়দার মিশ্রণ মিশিয়ে রুটির মতো ডো করে কুকিজের আকারে গড়ে ওভেন প্রুফ ট্রেতে বসিয়ে ১৬০ সেন্টিগ্রেট তাপে ২০ মিনিট বেক করুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন। 

 

বাটারফ্লাই পি ফ্লাওয়ার সুইট রাইস

উপকরণ :আতপ চাল ২৫০ গ্রাম, চিনি ১/৪ কাপ, অপরাজিতা ফুলের পেস্ট ১ টেবিল চামচ, তেজপাতা ১টি, এলাচ গুঁড়া ১ চা চামচ, পানি ৫০০ মিলি, চেরি ও কাজুবাদাম (সাজানোর জন্য), ঘি ১/৪ কাপ।

প্রণালি :একটি পাত্রে পানি ফুটিয়ে চাল দিয়ে নাড়তে থাকুন। চাল আধা সিদ্ধ হলে মাড় ঝরিয়ে ফেলুন। একটি প্যানে পরিমাণমতো ঘি দিন। ঘি গরম হলে চাল, চিনি, অপরাজিতা ফুলের পেস্ট ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠাণ্ডা করে চেরি ও কাজুবাদাম দিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

 

ভ্যানিলা স্পঞ্জ রোজ কেক উইথ ফনডেন্ট

উপকরণ :কেক তৈরি :কেক ফ্লাওয়ার (২ কাপ ময়দা+১/৪ কাপ কর্নফ্লাওয়ার), গুঁড়া চিনি দেড় কাপ, বেকিং পাউডার আড়াই চা চামচ, লবণ ১/৪ চা চামচ, বেকিং সোডা ১ চিমটি, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ, ডিম ৩টি, তেল আধা কাপ, দুধ ১ কাপ।

প্রণালি :বেকিং প্যানে বাটার, ব্রাশ করে ময়দা ছিটিয়ে গ্রিজ করে নিন। ওভেন ১০ সে. প্রিহিট করুন। একটি বাটিতে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে ডিম ও অন্যান্য উপকরণ মিশিয়ে ভালো করে হুইস্ক করুন। এর সঙ্গে শুকনো উপকরণগুলো দিয়ে হুইস্ক করুন। বেকিং প্যানে মিশ্রণটি ঢেলে ৩৫-৪০ মিনিট বেক করুন। টুথপিক দিয়ে চেক করে হয়ে আসলে নামিয়ে ঠাণ্ডা করুন।

হুইপড ক্রিম তৈরি :হুইপড ক্রিম পাউডার ২ প্যাকেট (ক্রিমের প্যাকেটের নির্দেশমতো বানাতে হবে), ঠাণ্ডা দুধ ১ কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ১ চা চামচ

প্রণালি :১ কাপ থেকে একটু কম খুব ঠাণ্ডা দুধ নিয়ে হুইপড ক্রিম পাউডারের সঙ্গে মিশিয়ে ভালোমতো বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ‘স্টিফ পিক’ হয় (৫ মিনিট)। চূড়ার মতো হয়ে এলে কম স্পিডে বিট করে ফ্রিজে রেখে দিতে হবে। অথবা ক্রিমের প্যাকেটের নির্দেশমতো বানাতে হবে। এখন কেকটি লেয়ার করে হুইপড ক্রিম দিন। ওপরে ও চারদিকে পাতলা করে হুইপড ক্রিম দিন।

ফনডেন্ট তৈরি :সাদা মারশমেলো ১৫০ গ্রাম, পানি ২ টেবিল চামচ, আইসিং সুগার ৩ কাপ, বাটার ২ টেবিল চামচ।

প্রণালি :মারশমেলোর সঙ্গে পানি মিশিয়ে ওভেনপ্রুফ বাটিতে নিয়ে ১ মিনিট মাইক্রোওয়েভে দিন। গলানো মারশমেলোর সঙ্গে ১ কাপ আইসিং সুগার দিন। অনবরত নাড়ুন। হাতে বাটার লাগিয়ে নিন। মিশ্রণটি রুটি বেলার পিঁড়িতে নিয়ে আইসিং সুগার মেশাতে থাকুন। রুটির খামিরের মতো অনবরত মথতে থাকুন। স্মুথ খামির বানিয়ে নিন। কিছুসময় রেখে দিন। এরপর রোলার দিয়ে আস্তে আস্তে বেলতে থাকুন। ইচ্ছেমতো কালার দিতে পারেন (এখানে লাল ও সবুজ কালার ব্যবহার করা হয়েছে)। সবুজ ফনডেন্ট দিয়ে পাতা আর লাল ফনডেন্ট দিয়ে গোলাপের পাঁপড়ির শেপ দিয়ে রোজ কেক বানাতে হবে। ভালোবাসা দিবসে এমন একটি কেক যে কারও মন জয় করবে।

 

রেড ভেলভেট কেক

উপকরণ :ডিম ২টি, বেকিং পাউডার আধা চা চামচ, ময়দা আধা কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, তেল আধা কাপ, চিনি আধা কাপ, রেড ফুড কালার ১ চা চামচ, বাটার মিল্ক আধা কাপ (আধা কাপ কুসুম গরম দুধে ১ টেবিল চামচ সিরকা দিয়ে ১০ মিনিট ঢেকে রাখলেই বাটার মিল্ক হয়ে যাবে)

প্রণালি :ডিমের সাদা অংশ আলাদা বিট করে ফোম তৈরি করুন। ডিমের কুসুমসহ বাকি সব উপকরণ একত্রে বিট করুন চিনি গলে না যাওয়া পর্যন্ত, ময়দা চেলে অল্প অল্প মেশাতে থাকুন আর বিট করতে থাকুন। সব ভালোমতো মিক্স করা হলে এবার ফোম করা অংশ দিয়ে চামচ বা স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে মেশাতে থাকুন। ফোম মেশানোর সময় আর বিট করবেন না, নয়তো কেক স্পঞ্জি হবে না। এবার আলাদা একটি বাটিতে ১ চা চামচ সিরকা নিন। আধা চা চামচ বেকিং সোডা দিন সিরকার ভেতরে। নেড়ে দিন। দেখবেন বুদবুদ সৃষ্টি হবে। দ্রুত এই মিশ্রণ কেকের মিশ্রণে দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। কেকের পাত্রে তেল ব্রাশ করে ব্যাটার ঢেলে ১৬০ ডিগ্রি প্রিহিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বেক করুন। হয়ে গেলে ২ টেবিল চামচ চিনি ও ২ টেবিল চামচ পানি নিয়ে জ্বাল করুন। চিনি গলে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। গরম কেকের ওপর এই শার্পিং সিরাপ ব্রাশ করে নিন। এতে কেকের সফটনেস দারুণভাবে বজায় থাকবে।

 

রেড ভেলভেট লাভ কেক

উপকরণ :তরল দুধ ৬ চামচ, সাদা ভিনেগার ১ টেবিল চামচ, ময়দা আধা কাপ, চিনি ১/৪ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, লবণ সামান্য, তেল ৩ টেবিল চামচ, রেড ফুড কালার ১০ ফোঁটা, চকলেট চিপস ১/৪ কাপ, ক্রিম চিজ ১ টেবিল চামচ।

প্রণালি :প্রথমে একটি মাইক্রোওভেন প্রুভ লাভ মোল্ডে দুধ, ভিনেগার, ময়দা, চিনি, কোকো পাউডার, বেকিং পাউডার, লবণ, তেল ও ফুড কালার দিয়ে মিক্স করে চকলেট চিপস দিয়ে মেশাতে হবে। মোল্ডের মাঝে ১ টেবিল চামচ ক্রিম চিজ দিয়ে মাইক্রোওভেনে ২ মিনিট সেটআপ করে দিলে হয়ে যাবে রেড ভেলভেট লাভ কেক।