শেষ হয়েছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানির জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ। সাম্প্রতিক ইতিহাসে এমন নির্বাচন দেখেনি দেশটি। এর মূল কারণ বিজয়ী হয়ে কে সরকার গঠন করছে তা নিশ্চিত বলা যাচ্ছে না।
এক বুথ ফেরত জরিপে বলা হয়, নির্বাচনে আঙ্গেলা ম্যার্কেলের রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ/সিএসইউ) ও প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি (এসপিডি) সমান সংখ্যক জনসমর্থন পেতে যাচ্ছে। সেখানে বলা হয়, সিডিইউ/সিএসইউ ২৫ শতাংশ ভোট পেয়েছে। নির্বাচনে তাদের বড় প্রতিদ্বন্দ্বী মধ্য-বাম সোশ্যাল ডেমোক্র্যাট (এসপিডি) দলটিও পাচ্ছে ২৫ শতাংশ ভোট। এর ফলে এই দুই দলের যে কোনও একটি সরকার গঠন করতে পারে।
JUST IN: The first exit polls for #btw21 are in and show the CDU/CSU and SPD in a dead heat: pic.twitter.com/EeiQJ6B73R
— DW News (@dwnews) September 26, 2021
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন অনানুষ্ঠানিক আলোচনা প্রাধান্য পাবে। গ্রিন ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাটদের সঙ্গে জোট সরকার গঠনের আলোচনা শুরু হতে পারে। তাতে সময় লাগতে পারে কয়েক মাস।
এছাড়া গ্রিন পার্টি পেয়েছে ১৫ শতাংশ ভোট বলে উল্লেখ করা হয়েছে জরিপে। ব্যবসাবান্ধব দল এফডিপি ও অভিবাসনবিরোধী দল এএফডি ১১ শতাংশ করে ভোট পেয়েছে।
জানা যায়, এই নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর দায়িত্ব পালন করা আঙ্গেলা ম্যার্কেল চ্যান্সেলরের পদ হতে পদত্যাগ করতে যাচ্ছেন। তবে জোট সরকার গঠন নিয়ে আলোচনার সময়টুকু তিনি হয়তো তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৯৯টি সংসদীয় এলাকায় সরাসরি নির্বাচন হয়েছে। অন্য আসনগুলো দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী মীমাংসিত হবে। নিয়ম অনুযায়ী, দলগুলো তাদের ভোটপ্রাপ্তির সংখ্যাতত্ত্বের ওপর ভিত্তি করেও মনোনীত প্রার্থীদের পার্লামেন্টে পাঠাতে পারবে। কোনো দল ৫ শতাংশের কম ভোট পেলে পার্লামেন্টে যাওয়ার গ্রহণযোগ্যতা হারাবে।
এবারের নির্বাচনে ৪৭টি দল ৬ হাজার ২১১ জন প্রার্থী দিয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা ছয় হাজার। আর ভোটের ফলাফল স্থানীয় সময় রাত আটটার মধ্যেই প্রকাশ হয়ে যাওয়ার কথা। আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি।
সূত্র:আল জাজিরা
ইত্তেফাক/টিআর
