৫ কর্মকর্তা ও ১ কাউন্সিলরকে শুদ্ধাচার পুরস্কার দিল ডিএনসিসি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:১৮

পাঁচ জন কর্মকর্তা-কর্মচারী ও এক জন কাউন্সিলরকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল রবিবার ডিএনসিসির মেয়র শুদ্ধাচার পুরস্কার ও সম্মাননাপ্রাপ্ত প্রত্যেককে পুরস্কার হিসেবে একটি সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ তুলে দেন।

শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা হলেন—অঞ্চল-২-এর আঞ্চলিক নিবার্হী কর্মকর্তা এ এস এম সফিউল আজম, ডিএনসিসির প্রধান কার্যালয়ের প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হাসনাত মো. আশরাফুল আলম এবং সাচিবিক দপ্তরের সচিবের ব্যক্তিগত সহকারী সিরাজুল ইসলাম খান, অঞ্চল-৩-এর প্রশাসনিক কর্মকর্তা নিলুফা আক্তার, অঞ্চল-৫-এর পরিচ্ছন্নতা পরিদর্শক মো. শহিদুল ইসলাম এবং ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান।

সভাপতির বক্তৃতায় মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, শুদ্ধাচার পুরস্কার কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উত্সাহিত করার পাশাপাশি তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচারচর্চায় উত্সাহ প্রদানের লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার ২০১২ সালে জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র প্রণয়ন এবং ২০১৭ সালে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করে। মেয়র আরো বলেন, করপোরেশন সভায় সর্বসম্মতিক্রমে সংসদ ভবন অ্যাভিনিউর খেজুরবাগান (ইসলামিয়া আই হসপিটাল) থেকে বিজয় সরণি (এরোপ্লেন মোড়) পর্যন্ত সড়ক শহিদ কর্নেল খন্দকার নাজমুল হুদা বীর বিক্রম সড়ক এবং ২৩ নম্বর ওয়ার্ড খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটি ‘মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীর সড়ক নামে নামকরণ এবং গুলশান, বনানী ও বারিধারা এলাকার জন্য পুনর্নির্ধারিত খসড়া রেইটস চার্ট অনুমোদন করা হয়েছে।