পশ্চিম তীরে ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

অধিকৃত পশ্চিম তীরে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। পশ্চিম তীরে হামাসের শক্তিবৃদ্ধি ঠেকাতে চলমান ইসরাইলি অভিযানের সময় গতকাল রবিবার এদের হত্যা করা হয়। এক বিশেষ অভিযান চলাকালে তাদের হত্যা করা হয়েছে বলে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ইসরাইলি বাহিনীগুলো ‘আসন্ন সন্ত্রাসী হামলা চালানোর পর্যায়ে থাকা হামাসের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে অভিযান শুরু করেছে। তবে তিনি নিজে হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।

এই অভিযানের ব্যাপারে ইসরাইলের সামরিক মুখপাত্র তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী হামাস পশ্চিম তীরে শক্তি অর্জন করে তাদের প্রতিদ্বন্দ্বী পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষকে (পিএ) চ্যালেঞ্জ করতে চায়, এমনটি জানিয়ে দীর্ঘ দিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন ইসরাইলি কর্মকর্তারা। অপরদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেরুজালেমের উত্তরপশ্চিমে পশ্চিম তীরের বিদ্দু গ্রামে তিন ফিলিস্তিনিকে আর জেনিন শহরের নিকটবর্তী বুরকিন গ্রামে অপরজনকে হত্যা করে ইসরাইলি বাহিনী। ইসরাইল বলেছে, অভিযানে যারা নিহত হয়েছে তারা সবাই ‘জঙ্গি’।