জার্মানির নির্বাচন

ভোটগ্রহণ শেষ ফলের অপেক্ষা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০০:২১

জার্মানির পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ফল জানার অপেক্ষায় সারা বিশ্ব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রধান তিনটি দল হলো—ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ও পরিবেশবাদী গ্রিন পার্টি। তবে জরিপ অনুযায়ী কোনো দলই এবার সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত। যে কারণে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি কে হতে যাচ্ছেন তা শিগিগরই জানা সম্ভব হবে না।

জার্মান গণমাধ্যম ডয়চেভেলের খবরে বলা হয়েছে, ৮ কোটি মানুষের দেশটিতে ভোটার সংখ্যা প্রায় ৬ কোটি ৪০ লাখ। গতকাল রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জার্মানির নির্বাচন ও সরকার গঠন ব্যবস্থা কিছুটা ভিন্ন! জার্মান ভোটাররা দুটি ভোট দেন। প্রথম আসনভিত্তিক ভোট দেন, যা দিয়ে স্থানীয় এমপি নির্বাচিত করেন। দেশটিতে সরাসরি নির্বাচিত এমপির আসন সংখ্যা ২৯৯টি। কিন্তু দ্বিতীয় ভোটের সিস্টেম একটু ভিন্ন। এটি আনুপাতিক প্রতিনিধিত্ব। বাকি ২৯৯টি আসন প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলোর মধ্যে বণ্টন করা হয়—কারা মোট ভোটের কত অংশ পেয়েছে তার ভিত্তিতে। তবে এক্ষেত্রে কোনো দলকে পার্লামেন্টে আনুপাতিক আসন পেতে হলে কমপক্ষে ৫ শতাংশ ভোট পেতে হয়। ছোট ও কট্টরপন্থি দলগুলো যাতে ক্ষমতা পেতে না পারে সেজন্যই এই নিয়ম করা হয়েছে।

এবারের নির্বাচনে ৪৭টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে নির্বাচনে লড়াই হবে প্রধান তিনটি দলের মধ্যেই। অ্যাঙ্গেলা মার্কেলের দল খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউর চ্যান্সেলর প্রার্থী হলেন আরমিন লাশেট। যদিও জরিপে এগিয়ে আছে সামাজিক গণতন্ত্রী দল এসপিডি। দলটির চ্যান্সেলর প্রার্থী বর্তমান অর্থমন্ত্রী ওলাফ শলত্স। তৃতীয় অবস্থানে রয়েছে গ্রিন পার্টি। এই দলের চ্যান্সেলর প্রার্থী হলেন আনালেনা বেয়ারবক।

জরিপগুলো বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম। ভোটের ফলের পর দলগুলোকে জোট করে সরকার গঠন করতে হবে। সমঝোতার পর পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা নতুন চ্যান্সেলর নির্বাচিত করবেন। তাই ফল ঘোষণার পর শীর্ষে থাকা রাজনৈতিক দলগুলোকে দীর্ঘ আলোচনার মাধ্যমে সরকার গঠনে সমঝোতায় পৌঁছাতে হবে।