প্রবল বেগে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব। স্থানীয় সময় গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এ ঘূর্ণিঝড় অন্ধ্র প্রদেশের কলিঙ্গপত্তমের কাছ দিয়ে উপকূলে উঠে এসে তাণ্ডব চালাচ্ছে। এ সময় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার ছিল। মধ্যরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত গুলাবের তাণ্ডবে অন্ধ্র প্রদেশের শ্রীকাকুলাম জেলার দুই জন জেলে নিহত হয়েছে। আরো এক জন জেলে নিখোঁজ রয়েছে।
তাদের সঙ্গে থাকা অপর তিন জেলে নিরাপদে তীরে পৌঁছেছে বলে জানিয়েছে দ্য হিন্দু। সন্ধ্যায় সাগর থেকে ফেরার পথে ঘূর্ণিঝড় গুলাবের মধ্যে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, প্রাণহানি কমিয়ে আনা গেলেও গুলাবের তাণ্ডবে ভারতের উপকূলবর্তী দুই রাজ্যে বাড়িঘর, বিদ্যুতের লাইন, রাস্তাঘাট ও গাছপালাসহ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগের (আইএমডি) এক টুইট বার্তায় বলা হয়, আজ ভোরের আগেই গুলাব অন্ধ্র প্রদেশের কলিঙ্গপত্তম ও ওড়িশার গোপালপুর অতিক্রম করবে।
ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সকালের মধ্যে এটি আরো পশ্চিম-উত্তর-পশ্চিমে অগ্রসর হবে এবং বৃষ্টি ঝরিয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশে এ ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব পড়েনি। তবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল রবিবার সন্ধ্যার পর থেকেই হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হচ্ছে থেমে থেমে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার এবং গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অফিস বলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
