এই সময়ের ছড়া

সিন্ডিকেট

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

 

সিন্ডিকেটের ভূত চেপেছে

সবকিছু তাই অদ্ভুত!

খাবার বলো, খবর বলো

থাকছে সবই মওজুদ!

 

আমলা এবং কামলা থাকে

সিন্ডিকেটের পকেটে!

রাজনীতিবিদ ঝুলে থাকে

তারই চেইনের লকেটে!

 

মজুদদারও মজুদ থাকে

সিন্ডিকেটের হাতে!

মেধা মনন মজুদ থাকে

তারই খাওয়ার পাতে!

 

ঠান্ডা ইস্যু গরম করে

সিন্ডিকেটের আগুন

চাইলে তারা শ্রাবণ মাসে

দিব্যি আসে ফাগুন।

 

বোকার স্বর্গে বসে ভাবি

লিখছি স্বাধীন কাব্য!

সিন্ডিকেটে পাস না হলে,

হবে তা অশ্রাব্য!

 

তাদের রুচি হলেই আসে

লক্ষ কমেন্ট-লাইক তো;

স্বাধীনচেতা বক্তৃতা দিই

অফ হয়ে যায় মাইক তো।