বগুড়ার শিবগঞ্জের ‘সাব পোস্ট অফিস’-এর অধীনে আছে ১৪টি শাখা ডাকঘর। যাদের পোস্টকোড নাম্বার ৫৮১০। এই ডাকঘরগুলো খোলা ও বন্ধের কোনো নির্দিষ্ট সময় নেই। কেউ খোলে বেলা ১১টায়, কেউ খোলে ১২টায় আবার কেউ খোলে দুপুর ১টায়। কখন বন্ধ হয়, কেউ জানে না। যখন ইচ্ছা খোলে, যখন ইচ্ছা বন্ধ করে! অথচ ডাকঘর সূত্রে জানা যায়, কিছু ব্যতিক্রম ছাড়া সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডাকঘর খুলে রাখার নিয়ম। কিন্তু নিয়ম মানে কে! তার ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত। ডাক পরিসেবা থেকে বঞ্চিত। এসব ডাকঘরে নেই কোনো সাইনবোর্ড। অনেক খুঁজে খুেঁজ উদ্ধার করতে হয় ডাকঘরটিকে। আমাদের প্রস্তাব, সমস্ত ডাকঘরে বাধ্যতামূলকভাবে সাইনবোর্ড টাঙানোর ব্যবস্থা করা হোক। সাইনবোর্ডে লেখা থাক ডাকঘর খোলা-বন্ধের সময়। লেটার বক্সের পাশাপাশি টাঙানো থাক অভিযোগ বাক্স। এই বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আরিফ আনজুম
শিক্ষার্থী, শিবগঞ্জ সরকারি এমএইচ কলেজ, বগুড়া
