শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে অস্ত্র গুলিসহ আমিরুল ইসলাম (৪০) নামে এক জনকে আটক করেছে র্যাব-৫। সোমবার রাতে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর এলাকার এনারুল ইসলামের ছেলে। র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান ও স্কোয়াড কমান্ডার ওমর আলির নেতৃত্বে র্যাবের একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ডসহ তাকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
