আনোয়ারায় ইলিশ ঘাটে দালালদের উত্পাত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১১

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

ভরা পূর্ণিমায় আনোয়ারায় জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। উপকূল জুড়ে এখন ইলিশের মেলা। তাই তরতাজা ইলিশের আসল স্বাদ নিতে আনোয়ারা, চন্দনাইশ, পটিয়া, কর্ণফুলি, বোয়ালখালিসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ইলিশ কিনতে উপকূলে ছুটছেন ক্রেতারা। তবে ঘাটে দালালদের উত্পাতে বিপাকে পড়ছেন ইলিশ কিনতে আসা ক্রেতারা। সরেজমিনে উঠান মাঝির ঘাটে গিয়ে দেখা যায়, ট্রলার থেকে ঝুড়ি করে জেলেরা ইলিশ নিয়ে আসছে উপকূলে। তারপর সঙ্গে সঙ্গে ইলিশ কিনতে আসা লোকজনেরা হুমড়ি দিয়ে তাদের ঘিরে ধরছে। শুরু হয় নিলাম। নিলাম চলাকালীন হুট করে ক্রেতাবেশে দালালরা এসে পূর্ব পরিকল্পিতভাবে মাছের বাড়তি দরে ডাক দিয়ে উধাও হয়ে যাচ্ছে। ফলে ইলিশের সঠিক মূল্য নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সাধারণ ক্রেতারা। ফলে অনেককেই ইলিশ না নিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ইলিশ কিনতে আসা সাব্বির জানান, এখানে মাছ কেনার কোনো উপায় নাই। যে মাছ ২ হাজার টাকা, সেই মাছ দালালরা এসে আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা দাম তুলে বসে থাকে। রায়হান নামে আরেক ক্রেতা জানান, একদিকে ইলিশের দামের ঊর্ধ্বগতি আরেক দিকে দালালদের উপদ্রব। শেষমেশ ইলিশ না কিনেই ফিরে যাচ্ছি। এই বিষয়ে উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সত্যতা পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।