আজ মালদ্বীপে যাচ্ছে জাতীয় ফুটবল দল

ভালো খেলার প্রতিশ্রুতি দিতে পারি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ২১:১২

স্পোর্টস রিপোর্টার

চার বার সাফের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ ফুটবল দল আজ আরেকটি সাফে খেলতে যাচ্ছে। মালদ্বীপে খেলা ১-১৬ অক্টোবর। আজ দুপুরে মালদ্বীপ রওনা হবে ফুটবল দল। সরাসরি ফ্লাইটে মালদ্বীপের মালেতে চলে যাবে। গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুইয়া এসেছিলেন বাফুফের সংবাদসম্মেলনে কক্ষে। কথা বললেন সাফ নিয়ে। অধিনায়ক জামাল সরাসরি জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন হওয়ার জন্য তারা সাফে নামবেন।

ইংলিশ কোচ জেমি ডে’র বদলে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন এক সপ্তাহ হয় দায়িত্ব গ্রহণ করেছেন। এর মধ্যে তিনি দলটাকে গোছানার চেষ্টা করেছেন। ব্রুজন বলেন, ‘সাফের ট্রফি জিতব এমন প্রতিশ্রুতি দেব না। তবে প্রতিশ্রুতি দিতে পারি খেলোয়াড়রা অন্য স্টাইলে খেলবে।’ জেমির অধীনে বাংলাদেশের খেলোয়াড়রা রক্ষণাত্মক ফুটবল খেলতেন। ব্রুজন সেই ধারা বদল করতে চান। বল ধরে খেলতে হবে এবং আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। ব্রুজন বললেন, ‘এক সপ্তাহ অনুশীলন যথেষ্ট নয়। উন্নতি করার জন্য সবক্ষেত্রেই আমরা কাজ করছি। আমাদের কোচিং স্টাফদের সঙ্গে খেলোয়াড়দের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়েছে। কীভাবে রক্ষণ সামাল দিতে হবে। কীভাবে মাঝমাঠ দখলে রাখা যায়, কীভাবে আক্রমণ করা যায়। আমাদের মধ্যে একটা পারফেক্ট বন্ডিং তৈরি হয়েছে।’

কোচ ব্রুজন চাইছেন ভিন্ন আঙ্গিকে খেলবেন সেদিকে তার নরজ। ট্রফির প্রতিশ্রুতি দেবেন না। আর জামাল বললেন, ট্রফি জয়ের জন্য খেলবেন। এমন কথা জামাল বললেন, ‘না না আমাদের সবার টার্গেট হচ্ছে ট্রফি জয় করা। ফাইনাল খেলব। কোচ যেটা বলতে চাইছেন সেটা ফাইনাল পর্যন্ত যেতে একটা প্রক্রিয়া আছে। আমরা যেন সেই প্রক্রিয়া মেনে এগিয়ে যেতে পারি।’

১ অক্টোবর সাফের উদ্বোধনের দিনেই প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ব্রুজন এবং জামাল টার্গেট করেছেন তারা প্রথম ম্যাচটা জয় করে উতরে যেতে চান। কোচ ফাইনালের টার্গেট নিয়ে মালদ্বীপ যাচ্ছেন। এই কোচ আগেও মালদ্বীপে কাজ করেছেন এবং সেখানে বসুন্ধরা কিংসকে নিয়ে খেলে এসেছেন। সেখানকার সবকিছুই তার জানা। মালদ্বীপের ক্লাব কোচিংয়ে জড়িত ছিলেন অনেক দিন। আর বসুন্ধরা কিংসকে নিয়ে এবার এএফসি কাপ ফুটবলে খেলে এসেছেন। সেখানে মালদ্বীপের খেলোয়াড়দের সম্পর্কে নতুন সবকিছু তার জানা থাকার কথা। আর ভারতের ক্লাবও সেখানে খেলেছে। ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রির বিপক্ষেও খেলে এসেছে বসুন্ধরা কিংস। এসব কিছু মিলিয়ে সাফের শক্ত প্রতিপক্ষ ভারত এবং মালদ্বীপের খেলোয়াড়দের সম্পর্কে আপডেট জানা আছে। আর এখন যারা জাতীয় দলে খেলতে যাচ্ছেন তারা করোনার সময় নেপালের দুই ম্যাচ খেলে এসেছেন। সম্প্রতিক সময়ের এসব পারফরম্যান্স বিচারে বাংলাদেশকে নতুন করে প্রমাণ করতে হবে। সাফের ফরমেশন হচ্ছে ৫ দলের খেলা হবে রবিন লিগ পদ্ধতিতে। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনাল খেলবে ১৬ অক্টোবর। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপাল লড়াই করবে সাফে

সাফের চূড়ান্ত দল

আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিক কাজী,  টুটুল হোসেন বাদশা, হূদয়, সোহেল রানা, সাদ উদ্দিন, জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, আতিকুর রহমান ফাহাদ, বিপলু আহমেদ, সুমন রেজা, মাহবুবুর  রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, জুয়েল রানা।

বাদ পড়ল : মেহেদী হাসান, আতিকুজ্জামান, মানিক মোল্লা, এলিটা কিংসলে।