মনোনয়নপত্র দাখিল করলেন ৩২ জন
স্পোর্টস রিপোর্টার
সকাল থেকে মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে সংবাদকর্মীদের ভিড়। বেলা ১১টার আগেই আসতে শুরু করেন আসন্ন নির্বাচনের পরিচালক প্রার্থীরা। গতকাল মনোনয়নপত্র দাখিলের দিনে প্রার্থীদের সঙ্গে সমর্থকদের উপস্থিতিও ছিল বিসিবিতে। বিশেষ করে মানিকগঞ্জ থেকে এক ঝাঁক নেতাকর্মী এসেছিলেন সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে সমর্থন জানাতে। গতকাল দুপুরের পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বিসিবিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুর্জয়।
নির্বাচনি সমীকরণে অনেক সম্ভাবনার কথাই শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত নতুন কোনো চমক আসেনি। গতকাল সাড়ে ৩টার মধ্যেই ৩২ জন কাউন্সিলর মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীরা সবাই সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন।
তাই নির্বাচনি আমেজ বহাল থাকছে আরো কয়েক দিন। আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকছে। ঐ দিন দুপুর ২টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তারপরই কারা ভোটের লড়াইয়ে টিকে থাকছেন, তা জানা যাবে। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।
গতকাল বিকালে প্রিজাইডিং অফিসার এস এম কবিরুল হাসান জানিয়েছেন, প্রার্থীরা সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, ‘আজকে (গতকাল) আমাদের মনোনয়নপত্র দাখিলের দিন ছিল। যে ৩২টা মনোনয়নপত্র ইতিপূর্বে বিক্রি হয়েছিল, আজকে (গতকাল) ৩২টাই দাখিল হয়েছে।’
মনোনয়নপত্র প্রত্যাহার না হলে তিন ক্যাটাগরিতেই নির্বাচন হতে পারে। গতকাল এস এম কবিরুল হাসান বলেছেন, ‘এখানে এখন পর্যন্ত বলা যায় যে, ঢাকা বিভাগ ও রাজশাহী বিভাগে নির্বাচন হচ্ছে। যদি না কেউ প্রত্যাহারের দিন মনোনয়নপত্র প্রত্যাহার না করে। এছাড়া ক্যাটাগরি-২ এ নির্বাচন হচ্ছে, কারণ ১২টা পদের বিপরীতে ১৭টা জমা পড়েছে। যদি ৫টা প্রত্যাহার না হয় তাহলে সেখানেও নির্বাচন হবে। ক্যাটাগরি-৩ এ একজন নির্বাচিত হবেন। সেখানে দুজন জমা দিয়েছেন। প্রত্যাহার না করলে সেখানেও নির্বাচন হবে।’
তবে গুঞ্জন আছে, ৩০ সেপ্টেম্বর ক্যাটাগরি-২ থেকে কয়েক জন মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন। সমীকরণ মিলে গেলে, সমঝোতা হলে এ ক্যাটাগরিতে নির্বাচন না-ও হতে পারে। গতকাল জানা গেছে, শেষ মুহূর্তে ওল্ড ডিওএইচএসের সাইফুল ইসলাম ভূঁইয়া, মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাবের আব্দুর রহমান ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির রফিকুল ইসলাম নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। তবে ক্যাটাগরি-১, ক্যাটাগরি-৩ এ প্রত্যাহারের সম্ভাবনা কম।
প্রার্থীরাও উত্সবমুখর নির্বাচনের প্রত্যাশা করছেন। তবে পোস্টাল, ই-ব্যালটের কারণে নির্বাচনের সঠিক পরিবেশ থাকবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে প্রিজাইডিং অফিসার বলেছেন, করোনার কারণে সুযোগ রাখা হয়েছে। তবে তার আশা, এই সুবিধা খুব কম লোকই ব্যবহার করবেন।
বিসিবির নির্বাচনে মনোনয়ন জমা দিচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাহমুদ সুজন ও খালেদ মাসুদ পাইলট —বিসিবি
