ব্যবহারকারীদের নিরাপদ রাখতে পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নিজেদের অ্যাপের সেবা পরিচালনা বন্ধ করে দিয়েছে ইন্টারনেট জায়ান্ট গুগল। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) থেকে ব্যবহারকারীরা চাইলেও গুগলের ম্যাপস, জিমেইল, ইউটিউবসহ অন্যান্য জনপ্রিয় অ্যাপগুলোতে লগ-ইন করতে পারবেন না।
গুগলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আজ থেকে যেসব স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েডের ২.৩.৭ ভার্সন অথবা তার চেয়েও পুরোনো ভার্সনে চলছে বা ইনস্টল করা আছে, সেই স্মার্টফোনগুলোতেই সেবা গুলো বন্ধ করছে গুগল।

গুগল জানিয়েছে, ‘ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।’
সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস মডেলের স্মার্টফোনগুলোর ব্যবহারকারীরা এ সমস্যায় পড়বেন। এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি ৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।
ইত্তেফাক/আরকে
