এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর ও এইচএসসি ২ ডিসেম্বর শুরু

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫

আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। গতকাল সোমবার এই দুটি পরীক্ষার তারিখ ঘোষণার পাশাপাশি শিক্ষাবোর্ডগুলো থেকে পরীক্ষা সূচিও প্রকাশ করা হয়।

আগামী ১৪ নভেম্বর পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) বিষয়ের পরীক্ষা দিয়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এছাড়া ১৫, ১৬, ১৮, ২১, ২২ ও ২৩ নভেম্বর এই সাত দিনে পরীক্ষা  অনুষ্ঠিত হবে। অন্য দিকে, এইচএসসি পরীক্ষায় তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। সময়সূচি অনুযায়ী, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা, দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেভাবে হবে পরীক্ষা

এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা মহামারির কারণে এবারের এই দুটি পরীক্ষা নেওয়া যায়নি।  এ ছাড়া করোনা মহামারির কারণে শিক্ষার্থীরা গত বছরের মার্চের পর ক্লাসেও যেতে পারেনি। এ কারণে পরীক্ষা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনে।

উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে এবার তিনটি নৈর্বাচনিক বিষয়ে  পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আবশ্যিক বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, আইসিটি ও ধর্ম এবং চতুর্থ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। এসব বিষয়ে পরীক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

এসএসসির ক্ষেত্রে জেএসসি, এইচএসসির ক্ষেত্রে জেএসসি ও এসএসসির সাবজেক্ট ম্যাপিং আগে প্রতিটি বিষয়ে তিন ঘণ্টা করে পরীক্ষা হলেও এবারে পরীক্ষা হবে দেড় ঘণ্টা সময় নিয়ে। পরীক্ষার নম্বরও ১০০ থেকে কমিয়ে ৫০ করা হয়েছে। পরে সেটাকে ১০০ তে কনভার্ট করা হবে। রচনামূলকে থাকবে ৩৫ ও এমসিকিউতে নম্বর ১৫। প্রশ্নের ক্ষেত্রেও থাকবে পরিবর্তন। এবারে শিক্ষার্থীদের বেছে নেওয়ার সুযোগ বেশি থাকবে। আগে পাঁচটি প্রশ্ন থেকে চারটির উত্তর লিখতে বলা হলেও এবারে পাঁচটার মধ্যে আরো কম প্রশ্নের উত্তর দিতে বলা হবে।

মানতে হবে ১১ নির্দেশনা

এদিকে শিক্ষামন্ত্রণালয় থেকে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারির কারণে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষা শুরুর ৩০ (ত্রিশ) মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে নিজ নিজ আসনে বসতে হবে, প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। এমসিকিউ এবং সিকিউ অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি (ওএমআর) শিট বিতরণ, সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ, সকাল ১০টা ১৫ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি ওএমআর শিট বিতরণ, দুপুর ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ, আর দুপুর ২টা ১৫ মিনিটে বহুনির্বাচনি (ওএমআর শিট) উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে, প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে দেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থী শুধু রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখ করা বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশ নিতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।