মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা সরকারবিরোধী যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর সেখানে বিমান হামলা শুরু করেছে সেনাবাহিনী। দেশটির কিছু কিছু জায়গায় ইন্টারনেট সংযোগ ও ফোনলাইনও বিচ্ছিন্ন করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি সু চির সরকারকে হটিয়ে মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর থেকেই সংকটাপন্ন পরিস্থিতি বিরাজ করছে। দেশে জান্তাবিরোধী বিক্ষোভ চলে আসছে। সেনাবাহিনীর বিরুদ্ধে লড়তে গঠিত হয়েছে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফএস)। ডিভিবি নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিমে সাগাইংয়ের পিনলেবু এলাকায় সেনাবাহিনী অভিযান শুরু করায় বিমান হামলা চলছে। শনিবার রাতে স্থানীয় অধিবাসীরা বিমান এবং বিস্ফোরণের শব্দ শুনতে পায়। এরপরই ফোনলাইন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে যায়। তবে বিমান হামলায় পিডিএফ-এর কেউ হতাহত হননি।
মিয়ানমারের জান্তা সরকারের বিপরীতে গঠিত ছায়া প্রশাসন জাতীয় ইউনিটি সরকার (এনইউজি) বলেছে, লড়াই চলাকালে তারা রকেটচালিত গ্রেনেড, ছোটখাটো অস্ত্র, অস্ত্রের গুদাম এবং গোলা জব্দ করেছে। তাদের দাবি, লড়াইয়ে ২৫ জনের বেশি সরকারি সেনা নিহত হয়েছে। গত ৭ সেপ্টেম্বরে আন্ডারগ্রাউন্ড এনইউজি আন্দোলনের ঘোষণা দিয়ে জান্তা সরকারকে নিশানা বানানোর জন্য পিডিএফএস-কে আহ্বান জানানোর পর সাগাইং-এর মতো জায়গাগুলোতে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েছে। বিদ্রোহ দমন করতে ঐসব এলাকায় লড়াইয়ের আগে সামরিক বাহিনী ফোন ও ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।
