ফেরদৌস চৌধুরী
মই ছাড়া কাজ অসম্পূর্ণ, মই বড় দরকারি
মই দিয়ে বীজ বপন করি চারা সারি সারি,
ঝুলে থাকে ঘরের চালে, মই বেয়ে লাউ পাড়ি
সাফল্যতেও দূর করে মই মনের আহাজারি।
উত্তরণের ধাপে ধাপে মই রূপে পাই সিঁড়ি
গুণের মইয়ে যাই পেরিয়ে সকল বাধা গিরি,
মইয়ে করি মাটি সমান, আম পাড়ি মই দিয়ে
সন্দেহ নেই কারো মইয়ের গুণাবলি নিয়ে।
অন্যদিকে মই নিয়ে বেশ দ্বন্দ্ব-দ্বিধাও আছে
কেউ দেখি মই সরিয়ে ফেলে কাউকে তুলে গাছে,
গাছে তুলে মই সরালে মইয়ের কুত্সা রটে
অমানবিক কাণ্ড তবু হরহামেশা ঘটে।
পেটের ভাত আর হয় না হজম পরের ক্ষতি ছাড়া
পাকা ধানে মই দিতে কেউ এক পায়ে রয় খাড়া।
