তিতাসে যুবকের লাশ উদ্ধার
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসের পাঙ্গাসিয়া-বলরামপুর সড়কের পাশের ডোবা থেকে মঙ্গলবার সকালে স্থানীয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক উপজেলার বলরামপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (২৬)। নিহতের বাবা আলাউদ্দিন জানান, তাদের সঙ্গে কারো শত্রুতা নেই। তবে তার ছেলের ছাইয়া ভিমার নামক রোগ আছে। প্রায় হঠাত্ হঠাত্ সে জ্ঞান হারিয়ে ফেলে। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ষষ্ঠ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকাররম হোসেন।
চাষিদের প্রশিক্ষণ কর্মশালা
কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ায় মঙ্গলবার দিনব্যাপী আধুনিক পদ্ধতিতে বীজ আখচাষিদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ও কালিয়া উপজেলা কৃষি বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় ঈশ্বরদীর বিএসআরআইয়ের মুখ্য বৈঞ্জানিক কর্মকর্তা ড. শামসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি অধিদপ্তর নড়াইলের উপপরিচালক দীপক কুমার রায়।
তালগাছের চারা রোপণ উদ্বোধন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার ১০ হাজার তালগাছের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। সিংড়া উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এবং বিয়াম ল্যাবরেটরি স্কুলে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
বিশ্ব জলাতঙ্ক দিবসে আলোচনা
নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে মঙ্গলবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর হাসপাতালের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ আমীরুল হক শামীম, ডা. মো. তৌহিদুল আলম, ডা. মাজহারুল ইসলাম সাওন প্রমুখ। এর আগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বেলকুচিতে গণটিকার উদ্বোধন
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বেলকুচিতে করোনার গণটিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পৌর এলাকার স্থানীয় আলহাজ্ব সিদ্দিক উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পৌর এলাকার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
দুর্গোত্সব উপলক্ষ্যে মতবিনিময় সভা
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা দুর্গোত্সব উপলক্ষ্যে ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস। বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, থানার ওসি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
ঈশ্বরগঞ্জে বীজ ও সার বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে মঙ্গলবার প্রণোদনা হিসেবে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন।
