কুমিল্লা জেলার হোমনা পৌরসভার অদূরে নিভৃত পল্লি অনন্তপুর। সরকারি টেন্ডারে কাজ হয়েছিল স্থানীয় রাস্তার। তারপর কত শীত-বর্ষা গেল, কত পরিবর্তন হলো, কিন্তু পরিবর্তন হয়নি অভাগা রাস্তাটার। বৃষ্টির পানি রাস্তার একপাশ দিয়ে নামতে গিয়ে রাস্তা ভেঙে গিয়েছে বহু আগেই। তার মাঝে কতজন যে এ রাস্তা দিয়ে গিয়ে হাত-পায়ে ব্যথা পেয়েছি, তার ইয়ত্তা নেই। স্থানীয় প্রতিনিধিগণ এ রাস্তা ব্যবহার করলেও তাঁরা তা আমলে নেননি। কুমিল্লার হোমনা মেঘনা উপজেলার সংযোগ রাস্তা হওয়ায় এটা বহু ব্যবহার হয়। হোমনা উপজেলার সবচেয়ে বড় গরুর হাট বসে প্রতি সোমবার। এ রাস্তা দিয়েই গরুর ব্যাপারীরা গরু নিয়ে যান। মানুষের যেমন কষ্ট হয়, তেমনি পশুদেরও কষ্টের কমতি হয় না। এ রাস্তায় চলাচলে সিএনজি, অটোরিকশা এবং রিকশা চালকদের ভোগান্তির শেষ নেই। জনদুর্ভোগ ঘোচাতে রাস্তাটি সংস্কারের জন্য আশু উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু জাফর
বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
