মাহবুব শরীফ
তথ্যপ্রযুক্তির বাণিজ্যিক সংগঠন বেসিস-এ সম্প্রতি ২০১৯ -২০ অর্থবছরের তথ্যপ্রযুক্তি খাতভিত্তিক সম্মিলিত প্রাক বাজেট প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংশ্লিষ্ট খাতের বাণিজ্য সংগঠনগুলোর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে বিশেষ করে স্থানীয় বাজারের অগ্রাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সম্মিলিত খসড়া বাজেট প্রস্তাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সভা সমন্বয় করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। সভায় উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, আইএসপিএবির সভাপতি এম এ হাকিম, বাক্যের সভাপতি ওয়াহিদুর রহমান শরীফ এবং ই-ক্যাবের সাধারণ সমপাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।
এছাড়াও উপস্থিত ছিলেন বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ, সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান,আইএসপিএবির কোষাধ্যক্ষ সুব্রত সরকার শুভ্র, বাক্যের সহ-সভাপতি তানভির ইব্রাহিম এবং বাক্যের অর্থ সমপাদক মো. আমিনুল হক।
অনুষ্ঠানে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আমরা বাণিজ্য সংগঠনগুলো একযোগে কাজ করে চলেছি। স্থানীয় বাজারের উন্নয়ন এবং স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের অগ্রাধিকার প্রতিষ্ঠার জন্যই এবার তথ্যপ্রযুক্তি বাণিজ্য সংগঠনগুলো সম্মিলিত বাজেট প্রস্তাব পেশ করবে। সে লক্ষ্যেই আজকের প্রাক বাজেট (২০১৯-২০) সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।’
বেসিস সচিবালয়ের পক্ষে সভায় উপস্থিত ছিলেন বেসিস এর সচিব হাশিম আহম্মদ।
