প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা এ বছরও হচ্ছে না

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ২২:২৮

চলতি বছরের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। অন্যান্য শ্রেণির মতো এই দুটি শ্রেণিতে সমাপনী পরীক্ষা হবে।

গতকাল মঙ্গলবার গণভবন উচ্চ বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এমন তথ্যই জানিয়েছেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুকসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এখন যে অবস্থা দেখা যাচ্ছে তাতে আলাদা করে বোধ হয় জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ থাকছে না। মনে হয় না জেএসসি পরীক্ষা নেওয়ার সুযোগ পাবেন। তবে অন্য শ্রেণির মতো অষ্টম শ্রেণিতেও শ্রেণি মূল্যায়ন হবে। এ সময় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলবে। তবে সম্ভবত তাদেরও তাই (পাবলিক পরীক্ষার মতো না নেওয়া) হবে।

তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর থেকে আর এইচএসসি পরীক্ষা ২ ডিসেম্বর থেকে শুরু করে প্রায় এক মাস ধরে। সুতরাং, নভেম্বর ও ডিসেম্বরে জেএসসি ও জেডিসি পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। এছাড়া জেএসসি পরীক্ষা নেওয়ার প্রশ্নপত্র প্রণয়ন ও ছাপা থেকে শুরু করে যেসব প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলোও নেওয়া হয়নি। ফলে এই দুুটি পরীক্ষা  নেওয়া যাবে না। প্রতি বছর নভেম্বর মাসে জেএসসি, জেডিসি ও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ২০২০ সালের পিইসি, জেএসসি, জেডিসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। মূল্যায়ন করে বিশেষ ব্যবস্থায় এসব পরীক্ষার্থীর ফল দেওয়া হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হয়। পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা-২০২১ এর সময়সূচিও প্রকাশ করা হয়।

গত কয়েক দিন ধরে শিক্ষার্থী ও অভিভাবকরা পিইসি ও জেএসসি-জেডিসি পরীক্ষা হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে স্পষ্ট করেও কিছু বলেনি। অবশেষে গতকাল এ দুটি পরীক্ষা নিয়ে মন্ত্রী বক্তব্য দেন।