জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলামের ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ২৯ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বিখ্যাত শেখ বংশে তিনি জন্মগ্রহণ করেন। শেখ শহীদুল ইসলাম জিপি সরকারি হাইস্কুল, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং রসায়ন শাস্ত্রে এসএমসি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৬২ সালে শিক্ষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে শেখ শহীদের রাজনৈতিক জীবনের শুরু এবং তিনি সামরিক শাসনবিরোধী আন্দোলন, ৬৬’র ৬ দফা, ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্রবিরোধী আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ এবং কারাবরণ করেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান ছিলেন। ১৯৭৩ সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, ১৯৭৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক এবং ১৯৭৫ সালে তিনি জাতীয় ছাত্রলীগের প্রধান ছিলেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদতবরণের পর ৩ বছর ২ মাস অন্তরীণ ছিলেন। ১৯৮৪ সালে জাতীয় যুব সংহতির সভাপতি এবং বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, ১৯৮৬ এবং ১৯৮৮ সালে জাতীয় সংসদে তিনি মাদারীপুর-৩ আসন থেকে দুইবার নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, পূর্ত ও নগর উন্নয়ন মন্ত্রী এবং যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন।
জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলামের জন্মদিন উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় যুব সংহতি। জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি মো. রুবেল হাওলাদার ওরফে অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম গতকাল এক যৌথ বিবৃতিতে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
