আগারগাঁও ছাড়া অন্য অফিসে আবেদন করলে আগে পাসপোর্ট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৩২

রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিস বাদ দিয়ে কেউ যদি নিজ জেলা অথবা উত্তরা ও যাত্রাবাড়ী অফিসে আবেদন করে তাহলে আগে পাসপোর্ট হাতে পাবেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী। তিনি বলেন, আগারগাঁও পাসপোর্ট অফিসে প্রতিদিন যে সক্ষমতা রয়েছে, তার চেয়ে ১০ গুণ বেশি লোক পাসপোর্টের আবেদন করেন। যার কারণে এখানে পাসপোর্ট  পেতে দেরি হচ্ছে। আবার নানারকম ভুলভ্রান্তির কারণেও পাসপোর্ট আটকে থাকছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলনকক্ষে ডিআইপি-পাসপোর্ট রিপোর্টার্স ফোরামের মতবিনিময় সভায় মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, আগারগাঁও অফিসে এ মুহূর্তে প্রতিদিন প্রায় ২ হাজার পাসপোর্ট দেওয়ার সক্ষমতা রয়েছে। কিন্তু প্রতিদিন আবেদন পড়ছে কয়েক গুণ। আবেদন গ্রহণ প্রক্রিয়াও কম্পিউটারে অটো করা রয়েছে। যার কারণে কেউ যখন আবেদন করে ঐ দিনের শ্লট শেষ হয়ে থাকলে পরের দিনের শ্লট নিয়ে নেয় অটোমেটিক্যালি। এভাবে আজ পর্যন্ত (২৮ সেপ্টেম্বর) যারা আবেদন করেছেন তারা শ্লট পেয়েছেন আগামী ২৬ অক্টোবর পর্যন্ত। এই পদ্ধতিতে কারো হাত নেই বলে জানান ডিজি। এ অবস্থায় আগারগাঁওয়ে না এসে যাত্রাবাড়ী বা উত্তরায় গেলে আগে পাসপোর্ট হাতে পাবেন। আবার কেউ যদি নিজ জেলায় আবেদন করেন তাহলেও আগে পাসপোর্ট হাতে পাবেন।

ডিআইপির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) সেলিনা বানু, পরিচালক (প্রশাসন) শিহাব উদ্দিন খান, উপ-পরিচালক, ই-পাসপোর্ট প্রকল্পের অতিরিক্ত পরিচালক কর্নেল নুরুস সালাম, উপ-পরিচালক (প্রশাসন) ইসমাইল হোসেন, উপ-পরিচালক (অর্থ) আল আমিন মৃধা, পাসপোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি আছাদুজ্জামান, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি জামিউল আহসান সিপু, সাংগঠনিক সম্পাদক নেহাল হাসনাইন, অর্থ সম্পাদক উজ্জল হোসেন জিসান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামিল খান এ সময় উপস্থিত ছিলেন।