এফইআরবির ওয়েবিনার

রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্র দীর্ঘ মেয়াদে রাখার চিন্তা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৪

ভাড়াভিত্তিক রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্রগুলোর চুক্তির মেয়াদ সরকারের সঙ্গে শেষ হয়ে গেলেও সেগুলোকে নতুন চুক্তির মাধ্যমে শর্ত বদলে আরো বেশ কিছু সময় উত্পাদনে রাখার বিষয়ে ভাবা যায় বলে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বিশ্ববাজারে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কয়লাসহ বিদ্যুত্ উত্পাদনে জ্বালানির দাম খুব বেশি উঠানামা করায় ভবিষ্যত্ বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থায় মিশ্র জ্বালানির সমন্বয় রাখার জন্য ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে এসব কেন্দ্র রাখার বিষয়টি সংশ্লিষ্টদের বিবেচনায় রাখতে বলেন। তিনি বলেন, রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুেকন্দ্রগুলো রাইড শেয়ারিং মডেলের মতো হতে পারে। ব্যবহার করলে এসব বিদ্যুেকন্দ্রের মালিকরা পয়সা পাবে। ব্যবহার না হলে পয়সা পাবে না।

গতকাল মঙ্গলবার ‘রেন্টাল, কুইকরেন্টাল পাওয়ার প্ল্যান্ট : অতীত, বর্তমান ও ভবিষ্যত্’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সাবেক পরিচালক ড. মুস্তফা মুজেরি। ওয়েবিনারে সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সদস্য (কোম্পানি অ্যাফেয়ার্স) মাহবুবুর রহমান, গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, বেসরকারি বিদ্যুেকন্দ্রের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের (বিপপা) সভাপতি ইমরান করিম এবং সহসভাপতি নাভিদুল হক। এফইআরবির চেয়ারম্যান অরুন কর্মকারের সভাপতিত্বে ওয়েবিনার সঞ্চালন করেন নির্বাহী পরিচালক শামীম জাহাঙ্গীর।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী বলেন, আমাদের আমদানিনির্ভর জ্বালানি। ফলে তেলভিত্তিক বিদ্যুেকন্দ্রও থাকতে হবে। বিদ্যুত্ উত্পাদনের নানা অপশন রাখতে হবে। উপদেষ্টা বলেন, বিশ্বব্যাপী জ্বালানির দাম উঠানামা করছে। সেখানে আমরা শতভাগ মানুষকে বিদ্যুত্ দিয়েছি। সমালোচকদের  উদ্দেশে তিনি বলেন, জীবন শুধু একাডেমিং ওয়ার্ক নয়। বাস্তবতা ভিন্ন বিষয়।