আব্দুল মুত্তালিব চিশতি। পরনে থাকে ধবধবে সাদা পাঞ্জাবি, পাজামা। তার ওপরে মুজিবকোট। মাথায় লম্বা টুপি, মুখে দাড়ি। সপ্তাহান্তে যখন তার বাসায় জিকিরের আসর বসে, নর-নারীরা তখন কাফনের কাপড় পরে অংশ নেয়। তিনিও কাফনের কাপড় পরে বয়ান করেন আর লম্বা মোনাজাত করেন।
পবিত্র কোরআনের সর্বসাকল্যে তিনটি সুরা জানা এই আব্দুল মুত্তালিবের জন্য পিরবাদ, চিশতিয়া ত্বরিকা, যৌন হয়রানি আর ব্যবসার একটা কৌশল মাত্র।
মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি টিম গত সোমবার রাজধানীর উত্তরার তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে। ডিবি পুলিশ তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, ধান্দাবাজি আর প্রতারণায় রাজনীতিকে ব্যবহার করার দৌড়েও বেশ এগিয়ে এ ‘পির’ আব্দুল মুত্তালিব চিশতি। ইতিমধ্যে একটি চক্রকে নিয়ে তিনি বানিয়েছেন আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ, বাগিয়ে নিয়েছেন সিনিয়র সহসভাপতির পদ। এই পদবি ব্যবহার করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে তুলেছেন সেলফি ও ছবি। তাদের দিয়ে সুপারিশ করিয়ে বিভিন্ন সময়ে প্রবেশ করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে। বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে। মূলত যেসব মন্ত্রণালয় দেশব্যাপী ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, সেই সব মন্ত্রণালয়ে আনাগোনা করে কখনো মন্ত্রী, কখনো সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে তুলেছেন ছবি। একদিকে পিরবাদের বয়ান করতে, অন্যদিকে রাজনৈতিক প্রচার-প্রচারণার জন্য সফর করেছেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা। তারপর থেকে প্রতারণার যাত্রা শুরু।
উপ-কমিশনার মশিউর রহমান বলেন, পিরবাদ, রাজনৈতিক পদবি ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়ে মাস্টাররোলে চাকরি দেওয়া, রাজউকের বিভিন্ন প্রকল্পে নির্মাণাধীন ফ্ল্যাট স্বল্পমূল্যে বরাদ্দ দেওয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান, মেম্বার, ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়র প্রার্থীদের নৌকা প্রতীক বরাদ্দ পাইয়ে দেওয়ার নাম করে একেকজনের কাছ থেকে নিয়েছেন ৬ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত।
পুলিশ জানায়, তথাকথিত এই পির ‘ঢাকা গে কমিউনিটি’র দুটি ওয়েব পেজের মাধ্যমে প্রায় ১০০ জন বয়ফ্রেন্ডের সঙ্গে চালাতেন বিকৃত যৌনাচার। তার বিরুদ্ধে ইতিমধ্যে দুটি মামলা রুজু হলেও শতাধিক ভিকটিম লোকলজ্জায় অভিযোগ করছেন না।
তাকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করলে আদালত গতকাল এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
