‘ব্যস্ততার মাঝেও ভালো নাটকে কাজের অপেক্ষায় থাকি’

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৯

বিনোদন রিপোর্ট

 

নাটকে অনিয়মিত হলেও বিভিন্ন কাজ দিয়ে আলোচিত মুখ অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। জনপ্রিয় একটি অনুষ্ঠান উপস্থাপনাও করছেন তিনি। তবে ভালোবাসা দিবস উপলক্ষে এবার নাটকের ব্যস্ততা ছিল তার। এরমধ্যে রয়েছে ‘যোগ্যতা’ শিরোনামে একটি নাটক। এরমধ্য দিয়ে আবারো মিথিরার বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অপূর্বকে। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এই নাটকটি প্রচার হবে ভালোবাসা দিবসে। এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে একটি টেলিছবিতেও অভিনয় করেছেন তিনি। ‘প্রথম প্রেম’ শিরোনামে এই টেলিছবিতে মিথিলার সাথে জুটি বেঁধে দেখো যাবে মোনজ কুমারকে। মুশফিক কল্লোল পরিচালনা করেছেন এই টেলিছবিটি।

সারাবছর ব্যস্ততার মাঝেও বিশেষ কাজগুলো করা প্রসঙ্গে মিথিলা বলেন, ‘নাটক আমার ভালোলাগার একটি জায়গা। সারাবছর ব্যক্তিগত অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে ব্যস্ততার মাঝেও ভালো নাটকে কাজের অপেক্ষায় থাকি। এবার ভালোবাসা দিবসের কাজগুলোও তেমনই কিছু কাজ। দর্শকদের ভালো লাগবে আশা করি।’