সাকিবের বদলি ঠিক হয়নি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৮

বিপিএলের ষষ্ঠ আসর শেষে কয়েকভাগে নিউজিল্যান্ড গিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রাইস্টচার্চে প্রস্তুতি ম্যাচ খেলে নেপিয়ারে চলে গেছেন মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদরা। শেষ ভাগে দেশ ছাড়া মাশরাফি বিন মুতর্জা-তামিম ইকবালরাও নেপিয়ারে পৌঁছে গেছেন। অবশেষে ওয়ানডে সিরিজ শুরুর দুদিন আগে স্কোয়াডের সব ক্রিকেটার এখন নেপিয়ারে রয়েছেন। ম্যাকলিন পার্কে আগামীকাল বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে প্রথম ওয়ানডে।

প্রস্তুতির স্বল্পতা নিয়েই নিউজিল্যান্ডে কঠিন সফর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে কখনোই নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জিতেনি টাইগাররা। দুই বছর আগেও এই দেশ থেকে শূন্য হাতে ফিরেছিল বাংলাদেশ দল। তিন ফরম্যাটে সবকটি ম্যাচই হেরেছিল সফরকারীরা। তবে ওয়ানডেতে জয়ের সুযোগ তৈরি হয়েছিল। টেস্টেও কিছু আশা জাগানিয়া ব্যক্তিগত পারফরম্যান্স ছিল। সাকিব আল হাসান ডাবল সেঞ্চুরি করেছিলেন। মুশফিক সেঞ্চুরি করেছিলেন। তবে সেই সফরে ইনজুরি মিছিলে জর্জর হয়ে পড়েছিল বাংলাদেশ।

এবার প্রস্তুতিতে ঘাটতি থাকলেও ওয়ানডে সিরিজে জয়ের আশা করছে মাশরাফি দল। অতীত অভিজ্ঞতাই দলকে সাহস জোগাচ্ছে। অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো কিছু করতে চায় টাইগাররা। ওয়ানডে অধিনায়ক মাশরাফির এটাই শেষ নিউজিল্যান্ড সফর। তাই জয়ের স্মৃতি নিয়েই ফিরতে চান তিনি। হোম কন্ডিশনে ব্ল্যাক ক্যাপসরা বরাবরই প্রবল প্রতিপক্ষ। কাজটা খুব কঠিন হলেও মাশরাফি বলছেন, জয় সম্ভব।

গত শনিবার রাতে দেশ ত্যাগের আগে বিমানবন্দরে নড়াইল এক্সপ্রেস বলেছিলেন, ‘অবশ্যই সম্ভব (জয়)। সম্ভব না এটা না। কঠিন কিন্তু সম্ভব। সেজন্য মনের জোর খুব বেশি জরুরি। একই সঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলাটাও জরুরি। সব কিছু ঠিকঠাক হলে অবশ্যই সম্ভব।’

অবশ্য এই সফরে বাংলাদেশের জয়ের আশায় বড় ধাক্কা সাকিব আল হাসানের ইনজুরি। বিপিএল ফাইনালে বাঁ হাতের অনামিকায় ব্যথা পেয়েছিলেন এই অলরাউন্ডার। স্ক্যানে চিড় ধরা পড়েছে। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বলে সাকিবকে পাওয়া যাবে না ওয়ানডে সিরিজে। তবে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ওয়ানডে দলের সহ-অধিনায়ক নাকি এই সিরিজে খেলতেও চাননি! বিশ্রাম চেয়েছিলেন তিনি। যদিও বিসিবি তা গ্রহণ করেনি।

এদিকে ইনজুরিতে পড়া সাকিবের বদলি হিসেবে ওয়ানডে সিরিজের জন্য কোনো ক্রিকেটারকে পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান, নির্বাচক হাবিবুল বাশার সাংবাদিকদের বলেছেন, কোচ-অধিনায়কের চাওয়া অনুযায়ী খেলোয়াড় পাঠানো হবে। এটুকু নিশ্চিত প্রথম ওয়ানডের আগে কাউকে পাঠানো হচ্ছে না। কোচ-অধিনায়ক সাকিবের জায়গায় বাঁহাতি স্পিনার নিলে নির্বাচকরা তাইজুল ইসলামকে পাঠানোর চিন্তা করছেন। এমনিতেই টেস্ট দলে থাকা তাইজুল ১৫ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড রওনা হবেন।

আর সাকিবের জায়গায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ইমরুল কায়েসকে পাঠানোর চিন্তা করছিলেন নির্বাচকরা। আগামী ২৮ ফেব্রুয়ারি হ্যামিল্টনে শুরু হবে প্রথম টেস্ট। যেখানে সাকিবকে পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছেন নির্বাচকরা। তবে তাদের আশা সাকিব দ্বিতীয় টেস্টের আগে ফিট হয়ে উঠবেন। কিন্তু গ্রোয়েন ইনজুরির কারণে ইমরুলের যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কারণ ইনজুরি কাটিয়ে উঠতে এই বাঁহাতির অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।