এবার ‘দ্য পিয়ানো লাউঞ্জ’-এ গাইবেন বন্যা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৮

বিনোদন রিপোর্ট

 

বিভিন্ন আয়োজন অনুষ্ঠানে বরাবরই সরব থাকেন প্রখ্যাত রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সেই ধারাবাহিকতায় এবার তিনি গাইবেন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ শিরোনামের একটি ভিন্নধর্মী সংগীতানুষ্ঠানে। চলতি মাসের শুরুতে চ্যানেল আইয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানটির পঞ্চম পর্বে অতিথি হিসেবে থাকছেন তিনি। এই পর্বটি আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হবে।

ব্যান্ডতারকা মানাম আহমেদের সংগীতায়োজনে প্রতিটি গানকে ভিন্নমাত্রায় উপস্থাপন করা হচ্ছে অনুষ্ঠানটিতে। এতে রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিকসহ বিভিন্ন ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হচ্ছে। প্রতিটি পর্বে দর্শক-শ্রোতারা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, পিয়ানো লাউঞ্জের আগের ৪টি পর্বে অতিথি ছিলেন সংগীতশিল্পী তাহসান, ফাহমিদা নবী, বাউল শফি মণ্ডল ও শাফিন আহমেদ। সবগুলো পর্বই প্রশংসিত হয়েছে দর্শক-শ্রোতার কাছে।