বাঁধ নির্মাণের বাজেট আছে, কাজ নেই

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদী প্রতি বছর ভাঙনের ফলে যে সংখ্যক মানুষের ক্ষতি করে তা অনাকাঙ্ক্ষিত।  এই নদীর আশেপাশের গ্রামগুলোতে যাঁরা বসবাস করেন তাঁদের অধিকাংশ কৃষক, জেলে, খেটে খাওয়া দিনমজুর। প্রতি বছর বন্যার সময় নদী ভাঙে; এর ফলে মানুষের বসতবাড়ি, গ্রাম, জমিজমা ভেঙে একাকার হচ্ছে। বেড়ে যাচ্ছে দরিদ্রতার হার। এমনকি এই নদী ভাঙন অনেকের বেঁচে থাকার শেষ আশাটুকুও কেড়ে নিচ্ছে! অনেক পরিবার নদীভাঙনের ফলে গ্রামছাড়া হচ্ছে। বাধ্য হয়ে শহরে এসে কোনো এক বস্তিতে এসে কোনোরূপ থাকার ব্যবস্থা করে। এর কারণে শহরেও সৃষ্টি হয় ঘনবসতি। পরিবেশ এবং অর্থনীতি উন্নয়নেও এর ব্যাপক প্রভাব পড়ে। তাই প্রয়োজন নদীভাঙন প্রতিরোধ করা। নদীভাঙন প্রতিরোধ করতে হলে প্রয়োজন সরকারের সাহায্যের হাত।

নদী ভাঙনের প্রধান কারণ হলো পানির তুলনায় নদীর গভীরতা কম। তাই সে মোতাবেক যদি নদী খনন করা হয়, তাহলে নদী এবং আশেপাশের গ্রাম অঞ্চলগুলো রক্ষা পেতে পারে। এখানকার মানুষগুলো শান্তিতে একটু বসবাস করতে পারত। ইতিমধ্যে নদীতে বাঁধ নির্মাণের বাজেট পাশ হয়েছে। বাজেট পাশ হয়েও কোনো সাড়াশব্দ নেই! নদীর এক পাশে বাঁধ নির্মাণ হয়েছে কয়েক বছর আগেই, নতুন বাজেট আসার পর নদী যেমন ছিল তেমনি আছে। নতুন করে কোনো কাজ হচ্ছে না! অবশ্য গ্রাম বাঁচাতে কিছু বস্তা ফেলা হয়েছিল, যা কোনো কাজেই দেয়নি। তাই উপরমহলের দৃষ্টি আকর্ষণ করছি, যতদ্রুত সম্ভব কাজ বাস্তবায়ন করুন। মানুষ নদী ভাঙনের কবল থেকে মুক্তি পাক।

হোসাইন আল-নাহিদ

নয়ারহাট, চিলমারী, কুড়িগ্রাম

 

 

০