মিরসরাইয়ে সাপের কামড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে সাপের কামড়ে আজিজুল হক (৫০) নামের সাবেক এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার। গতকাল বুধবার সকালে বাড়ির পুকুরপাড়ে ঘাস কাটার সময় তাকে বিষাক্ত কোবরা সাপে কামড় দেয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া সাপের কামড়ে আজিজুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, সাপে কাটা রোগীকে ইনজেকশন দেওয়ার পর অনেক সময় রোগী অচেতন হয়ে যায়। তখন মৃত্যুও হতে পারে, তাই আইসিইউ প্রয়োজন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় ইনজেকশন থাকলেও তা প্রয়োগ করা সম্ভব হয় না।