স্বরূপে ফিরল পিএসজির মেসি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

স্পোর্টস ডেস্ক

অবশেষে অপেক্ষার অবসান হলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ভক্তদের। এই একটি মুহূর্তের জন্য ৫০ দিন, চার ম্যাচ ও ২৬৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। অবশ্য এমন গোল দেখার পর অপেক্ষা করাটাও যেন সার্থক মনে হয়! লিওনেল মেসির স্বরূপে ফেরার দিনে চ্যাম্পিয়নস লিগে পিএসজিও পায় জয়ের দেখা। ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় তারা।

পার্ক দে প্রিন্সেসে সিটিকে বাক্সবন্দি করতে রক্ষণাত্মক ছক আঁকেন পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। হাঁটুর ইনজুরি কাটিয়ে ওঠা মেসিকেও বেশ কয়েক বার নিচে খেলতে দেখে যায়। শুরুতে আট মিনিটে ইদ্রিসা গের গোলে এগিয়ে  যায় স্বাগতিকরা। আর দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।

মার্কো ভেরাত্তির থেকে বল পেয়ে ডান প্রান্ত থেকে কোনাকুনি দৌড়ে ডি বক্সের সামনে চলে আসেন মেসি। সেখানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চোখের পলকে ওয়ান-টু করে বাঁকানো শটে বল জালে জড়ান আর্জেন্টাইন। ঠিক এমনটাই গত ২১ বছর ধরে করেছিলেন বার্সেলোনার হয়ে। উদ্যাপনেও সেই চিরচেনা ভঙ্গিমার ছবি। গোলের পর দৌড়ে সোজা মেসির কাঁধে উঠে যান নেইমার। মনে হচ্ছিল গোলটা যেন তারই করা ছিল।

পিএসজির জার্সিতে প্রথম গোল পেয়ে মেসি বলেন, ‘এত কঠিন খেলায় জয় ও গোল করতে পেরে আমি খুবই খুশি। আশাকরি আরো অনেক আসবে। ধীরে ধীরে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি। যত বেশি এক সঙ্গে খেলব তত বেশি ভালো হবে।  দলের মান বাড়াতে হলে সবাইকে এক সঙ্গে উন্নতি করতে হবে।’

এতদিন গোল উদ্যাপনের যে নীরবতা চালিয়ে যাচ্ছিলেন পচেত্তিনো, মেসির গোল দেখে এবার ভেঙে ফেললেন সেটিও, ‘সত্যি বলতে গোলের সময় আমি উল্লাস করি না। কিন্তু আমি তার গোল উদ্যাপন করেছি। প্রতিপক্ষ থাকার সময় তার অনেক গোল দেখেছি। কিন্তু এখন সে আমার দলে এবং এটা বিশেষ কিছু।’

ভাগ্য পক্ষে না থাকায় সাত বার গোলমুখে শট নিয়েও জাল খুঁজে পায়নি পেপ গার্দিওলার দল। সেজন্য পিএসজি গোলরক্ষক জিয়ানলুজি ডোন্নারুমাকে সমান কৃতিত্ব দিতে হবে। তবে তার পরও নিজের দলের প্রতি কোনো অভিযোগ নেই গার্দিওলার। একই সঙ্গে প্রশংসা করলেন সাবেক শিষ্যেরও, ‘আমার মনে হয় আমরা সত্যিই ভালো খেলেছি। মেসিকে শুভকামনা জানাই। আশাকরি সে পিএসজিতে সুখে আছে এবং উপভোগ করছে। সে আমাকেও খুশি করেছিল যখন আমরা এক সঙ্গে ছিলাম।’

 গ্রুপ ‘এ’-এর অন্য ম্যাচে লাইপজিগকে ২-১ গোলে হারিয়েছে ব্রুজ। সানসিরোতে পেনাল্টি থেকে লুইস সুয়ারেজের শেষ মুহূর্তের গোলে একই ব্যবধানে এসি মিলানকে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর মোহামেদ সালাহ ও রবের্তো ফিরমিনোর জোড়া গোলে পোর্তোকে ৫-১ গোলে হারিয়েছে লিভারপুল। 

একনজরে

শাখতার ০

ইন্টার ০

আয়াক্স ২

বেসিকতাস ০

রিয়াল ১

শেরিফ ২

মিলান ১

অ্যাটলেটিকো ২ডর্টমুন্ড ১

স্পোর্টিং সিপি ০

পিএসজি ২

ম্যান সিটি ০

পোর্তো ১

লিভারপুল ৫

লাইপজিগ ১

ব্রুজ ২