স্পোর্টস ডেস্ক
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে তামিম ইকবাল। হাঁটুর ইনজুরির কারণে দুই মাস বিশ্রামে থাকতে হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে। মাঠের ক্রিকেটে ফিরতে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নেন বাঁহাতি এ ওপেনার। দলটির হয়ে প্রথম ম্যাচে (২৭ সেপ্টেম্বর) ব্যাটিংয়ের সুযোগ পাননি, বৃষ্টিতে ভেসে গিয়েছিল ম্যাচ। জুলাইয়ের পর ব্যাট হাতে গতকালই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন তামিম। তবে ফেরার ম্যাচে ব্যাটিংটা জমেনি তার। ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন তামিম। ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। তামিম ভালো না করলেও তার দল ভৈরহাওয়া জয় পেয়েছে। গতকাল ৬ উইকেটে বিরাটনগর ওয়ারিয়র্সকে হারিয়েছে ভৈরহাওয়া। দীর্ঘদিন টি-২০ না খেলায় এবং তরুণদের সুযোগ করে দিতে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম। তাই তাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে টাইগাররা।
