ম্যানসিটি আবার শীর্ষে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১

খেলোয়াড়দের প্রশংসায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা আটদিনের মধ্যে তৃতীয় জয়ের পর তার ‘দুর্দান্ত’ খেলোয়াড়দের প্রশংসায় পঞ্চমুখ হলেন।

সার্জিও আগুয়েরোর টানা হ্যাটট্রিকে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সিটি গত রবিবার রাতে চেলসিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে। নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে এছাড়াও জোড়া  গোল করেন রাহিম স্টার্লিং। অপর গোলটি আসে গুনডোগান এর কাছ থেকে।

ম্যানচেস্টার সিটি জয়টির সুবাদে  আবারো প্রিমিয়ার লিগে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো। এ জয়ে উভয় দলের পয়েন্ট সমান হয়ে গেলো। লিভারপুল পিছিয়ে পড়লেও সিটির চাইতে এক ম্যাচ কম খেলেছে। সিটি এই রাতে ২৫ মিনিটের মধ্যেই চার গোলে এগিয়ে যায়। পরের সময় ছিল গোল বাড়ানোর চেস্টা।

গার্দিওলা তার খেলোয়াড়দের প্রশংসায় বলেন,‘আমি তারা যা করেছে এ জন্য তাদের স্রেফ ধন্যবাদ জানিয়েছি। নিউক্যাসলের (হারটি) পর আমরা একে অপরের সাথে কথা বলেছি এবং নিজেদের আয়নার সামনে দাড় করাই। এছাড়াও বাস্তবতাকে মেনে নেই। এরপর আমরা প্রস্তুতি নেই এবং সামনে এগিয়ে যাই।’ আর্জেন্টাইন আগুয়েরো এ নিয়ে গত আটদিনে দুবার হ্যাটট্রিক হাকালেন। ফলে তিনিই এখন প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ১১টি হ্যাটট্রিকের মালিক। তার পেছনে আছেন রবি ফাউলার (৯), মাইকেল ওয়েন, হ্যারি কেইন ও থিয়েরি অরি (৮টি করে), ওয়েন রুনি (৭) ও লুই সুয়ারেজ (৬)।

জয় প্রসঙ্গে স্পানিশ গার্দিওলা বলেন,‘চেলসির বিরুদ্ধে ছয় গোল করা এবং আমরা যেভাবে খেলেছি, তাতে আমরা অনেক নজর কেড়েছি।’ সাবেক বার্সেলোনা কোচ অবশ্য এও জানান যে এত গোল হবে এমনটা তিনি আশা করেননি। চেলসি কোচ মাউরিজিও সারি হারের পর বলেন,‘এ সপ্তাহে আমার অনুভুতি ছিল সত্যি ভাল। অনুশীলনে, টেকনিক্যাল বৈঠকে ও প্রস্তুতির সময়ও এটা ছিল ভাল। কিন্তু তৃতীয় মিনিটে গোল হজমের পর এরকম প্রতিপক্ষের সাথে খেলাটা কঠিন হয়ে যায়।’