পঞ্চম বর্ষে ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

পঞ্চম বর্ষে পদার্পণ করল ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি’। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর মোড়ে একটি লাউঞ্জে এ উপলক্ষ্যে বর্ষপূর্তি উত্সব, নবীন বরণ ও বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও গবেষক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, মত্স অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুল হক, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আমজাদ হোসাইন এবং ক্রীড়া সংগঠক নাজমুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সমিতির সম্পাদক ডা. মো. লতিফুল বারী মুজিববর্ষ উপলক্ষ্যে সমিতির বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং গত চার বছরে বিশিষ্টজনসহ অভিজ্ঞরা যেসব দিক-নির্দেশনা দিয়েছেন সেসব বিষয় উপস্থাপন করেন। উল্লেখ্য, ৩০তম বিসিএস ব্যাচে যোগদানকারী বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের প্রচেষ্টায় ২০১৭ সালের ২৮ সেপ্টেম্বর গঠিত হয় ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।