ইত্তেফাক রিপোর্ট
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সাধারণ ও গণমানুষের জন্য। গরিব-দুঃখী, মেহনতি মানুষের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রাজনীতি করেন। তার হাত ধরে বাংলাদেশে গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছে।’ গতকাল বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি দেশের গণমানুষের জন্য রাজনীতি। আমাদের নেত্রী দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, হকার, শ্রমিক, কৃষকদের যাতে কষ্ট না হয়, সেজন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। আমরা মনে করি, খেটে খাওয়া মানুষ হচ্ছে আওয়ামী লীগের প্রাণ। তারা যুগ যুগ ধরে সমর্থন দিয়ে আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, আওয়ামী লীগ দেশের বৃহত্তর দলে রূপান্তরিত হয়েছে, গণমানুষের দলে রূপান্তরিত হয়েছে।’
তথ্যমন্ত্রী এ সময় বিকল্প ব্যবস্থা না করে হকারদের উচ্ছেদ করা উচিত নয় উল্লেখ করে বলেন, হকারদের বিকল্প ব্যবস্থা করার জন্য শহর কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। বিদেশে যেমন সাপ্তাহিক বাজার বসে, তেমনি প্রতি ওয়ার্ডে যদি সাপ্তাহিক বাজার বসত তাহলে হকারদের জন্য সুবিধা হতো। দেশের অন্য বড় শহরগুলোতেও সাপ্তাহিক বাজার বসানো যায়।’
আওয়ামী হকার্স লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক হাজি মো. আনোয়ার হোসেন, তসলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহেদ আলীসহ অন্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
