ধানমন্ডিতে বিদ্যুত্স্পৃষ্টে মসজিদের খাদেম নিহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১২

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদ মাঠে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুত্স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আতিকুল ইসলাম (৫০)। তিনি মসজিদটির খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন। 

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আ. জলিল মিয়া জানান, আতিকুল বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মসজিদ মাঠের ঘাস কাটার সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে স্থানান্তিরত করা হয়। দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।