বিলবাওয়ের মাঠে ড্র
ভালভার্দের লড়াইয়ের তাগিদ
স্পোর্টস ডেস্ক
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনাকে গোলশূন্য ড্রয়ে বাধ্য করেছে অ্যাথলেটিক বিলবাও। এর ফলে অবস্থানে হেরফের না হলেও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ছয়ে নেমে এসেছে। তবে একে চাপ হিসেবে না দেখে দলের কোচ আর্নেস্তো ভালভার্দে দলকে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার তাগিদ দিয়েছেন।
গত রবিবার রাতে বিলবাওয়ের মাঠে শুরু থেকেই স্বাগতিকদের আক্রমণাত্মক ফুটবলে প্রথমার্ধে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল লিওনেল মেসির দল। দ্বিতীয়ার্ধে গুছিয়ে উঠে বার্সেলোনা আক্রমণে ফিরলেও গোলের পরিষ্কার সুযোগ তৈরিতে ব্যর্থ হয়। ফলে প্রায় এক বছর পর প্রতিপক্ষের জালে বল পাঠানোর ব্যর্থতায় গোলশূন্য ড্রয়ে বাধ্য হলো কাতালান ক্লাবটি। গেল বছরের ফেব্রুয়ারিতে শেষবার গেতাফের বিপক্ষে গোল করতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা।
এ মৌসুমে ষষ্ঠ ড্রয়ের ফলে ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রইলো বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ছয়। তালিকার তৃতীয়স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।
বার্সেলোনা লা লিগায় পরের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল ভায়াদোলিদকে আতিথ্য দেবে। এরপরই কঠিন সূচি অপেক্ষা করছে মেসিদের জন্য। চ্যাম্পিয়ন্স লিগে লিওঁর মাঠে খেলে এসে সেভিয়ায় যাবে তারা। এরপর কোপা দেল রের ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হবেন মেসিরা।
মার্চের শুরুতে একই মাঠে লা লিগার ম্যাচে তালিকার দুইয়ে থাকা রিয়ালের মুখোমুখি হবে শিরোপাধারীরা। এমন ঠাসবুনোটের সূচি আর চোটের কারণে স্যামুয়েল উমতিতি, জর্দি আলবা আর আর্থার মেলোর মতো প্রথম একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতিকে বিবেচনায় রাখলে এই ড্র বেশ চাপেই ফেলবে বার্সেলোনাকে।
কোচ ভালভার্দে অবশ্য এটিকে মোটেও চাপ হিসেবে দেখছেন না। লিগ জয়কে দীর্ঘ প্রক্রিয়া হিসেবে আখ্যা দিয়ে দলকে লড়াইয়ের জন্য তাড়িত করলেন তিনি। ভালভার্দে বলেন, ‘আমরা যে মনোভাব নিয়ে ম্যাচে পা রেখেছিলাম ঠিক তেমন ইতিবাচক মনোভাব নিয়েই এখান থেকে বেরোচ্ছি। যদি আমার হিসাব ঠিক থাকে তবে আমরা পরের খেলাটি শেষেও এগিয়ে থাকব। এই লিগটা বেশ দীর্ঘ একটি প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত লড়ে যেতে হবে আমাদের।’
চোটফেরত মেসিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ম্যাচে শুরুতে রাখেননি বার্সা কোচ। এ ম্যাচ দিয়েই প্রথম একাদশে ফেরেন আর্জেন্টাইন তারকা। ভালভার্দে জানান, চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েই ফিরেছেন মেসি। সাবেক বিলবাও কোচ বলেন, ‘সে শতভাগ সুস্থ আছে, সে সেভাবেই খেলেছে। তাকে নিয়ে আমাদের সমস্যা ছিল কিন্তু যদি সে খেলে থাকে তবে বুঝবেন সে পুরোপুরি প্রস্তুত হয়েই খেলেছে।’
