বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে তিন ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরের বলেশ্বরের মোহনায় পাথরঘাটার আবদুর রাজ্জাকের এফবি আল্লাহর দান নামক ট্রলারটি ১১ জেলেসহ ডুবে যায়। ট্রলার ডুবির পর অন্য ট্রলারের লোকজন আট জনকে উদ্ধার করতে পারলেও তিন জেলে নিখোঁজ ছিলেন। গতকাল বুধবার ঐ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার ভোরে রুহুল আমিন খান (৪৫) নামক একজন ট্রলার মালিক ঝড়ের কবলে পড়ে ট্রলার উলটে ঘটনাস্থলেই মারা যান।

ট্রলারডুবির ঘটনায় মৃতরা হলেন—পাথরঘাটার সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হোসেন আলীর ছেলে ইব্রাহিম (৩৫), তোতা মিয়ার ছেলে মনির (৩৫) এবং পশ্চিম বাদুরতলা গ্রামের কুদ্দুস ফরাজীর ছেলে সরোয়ার (৩০)। এছাড়া মঙ্গলবার ভোরে অন্য একটি ট্রলার ডুবে রুহুল আমিন খান নামের এক ট্রলারমালিক ঘটনাস্থলে মারা যান। গতকাল উদ্ধার হওয়া তিন জেলের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাথরঘাটার জেলে পরিবারে চলছে শোকের মাতম।

জেলা মত্স্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা জানিয়েছেন, আবহাওয়া উত্তাল রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন উপকূলে প্রচণ্ড বৃষ্টিপাত ও দমকা বাতাস বইছে। সমুদ্রে থাকা আমাদের আরো কিছু ট্রলার ঝড়ের কবলে রয়েছে। এ পর্যন্ত সুন্দরবনের আশার চর এবং দুবলার চর থেকে ট্রলার উদ্ধার করা হয়েছে।